ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

কয়েক দিন বন্ধ থাকার পর ফের উত্তেজনা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ইরান এই হামলা চালায় বলে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে। অবশ্য নিক্ষেপ করা সব ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা। তবে হামলার লক্ষ্যবস্তু কোথায় ছিল, তা জানানো হয়নি।

বিজ্ঞাপন

আর এর জবাবে ইরানের নির্দেশে চালানো ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বাহিনী হামলা চালায় বলে জানিয়েছে সেন্টকম। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেহরান।

এদিকে এই হামলা ও পাল্টা হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দিনের যে সাময়িক বিরতি ছিল, তা শেষ হলো। ওই বিরতির উদ্দেশ্য ছিল দুই পক্ষকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনা।

সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরাকের পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক রসদ ও অস্ত্রের স্থাপনায় হামলা চালিয়েছে। মার্কিন বাহিনীর দাবি, গত ৭২ ঘণ্টায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নির্দেশে ৩০টির বেশি ড্রোন হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে।

সেন্টকম আরো বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক জবাব এড়াতে ইরানের সামরিক বাহিনী এবং তাদের ‘সন্ত্রাসী সহযোগী গোষ্ঠীগুলোকে’ এসব হামলা বন্ধ করতে হবে।

এর আগে মঙ্গলবার সৌদি আরব জানায়, দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে আসা ড্রোন ভূপাতিত করেছে তাদের সামরিক বাহিনী। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি অভিযোগ করেন, ইরাকের ভূখণ্ডে অবস্থানরত ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলো এসব ড্রোন ছুড়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন