যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিট হোয়েকস্ট্রাকে কানাডা থেকে বহিষ্কারের দাবিতে প্রায় ২ লাখ ৯০ হাজার নাগরিকের স্বাক্ষরসংবলিত একটি পিটিশন দেশটির পার্লামেন্টে উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে পিটিশনটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন গ্রিন পার্টির সংসদ সদস্য এলিজাবেথ মে।
পিটিশনে হোয়েকস্ট্রার বিরুদ্ধে কানাডার অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ এবং কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এসব কর্মকাণ্ডের জন্য তাকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করে কূটনৈতিক মর্যাদা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন স্বাক্ষরকারীরা।
জুলাই ২০২৬ সালে ক্যালগারির এক নারীর উদ্যোগে পিটিশনটির স্বাক্ষর সংগ্রহ শুরু হয়। পরে এতে প্রায় ২ লাখ ৯০ হাজার কানাডীয় নাগরিক স্বাক্ষর করেন।
পার্লামেন্টে পিটিশনটি উপস্থাপনের সময় এলিজাবেথ মে বলেন, হোয়েকস্ট্রা বারবার কানাডীয়দের প্রতি অপমানজনক ও অবমাননাকর আচরণ করেছেন। তার ভাষায়, কানাডার ইতিহাসে তিনি সম্ভবত ‘সবচেয়ে কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত কূটনীতিক’।
পিটিশনে বলা হয়েছে, কানাডার রাজনীতি নিয়ে হোয়েকস্ট্রার ধারাবাহিক মন্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। এসব বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা পিটিশনটি সম্পর্কে অবগত রয়েছে।
ট্রাম্পের ৫১তম অঙ্গরাজ্য করার বক্তব্য নিয়ে বিতর্ক
কানাডায় বেশ বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত পিট হোয়েকস্ট্রা। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার আকাঙ্ক্ষা নিয়ে তার মন্তব্য দুই দেশের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে।
গত বছর মিশিগানের একটি রেডিও অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের এমন বক্তব্যকে তিনি ‘ভালোবাসার বহিঃপ্রকাশ’ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে কানাডীয়রা কেন ট্রাম্পের কথায় ক্ষুব্ধ হচ্ছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন। তার মতে, এটি ছিল একটি ‘উদার প্রস্তাব’।
এ ছাড়া ২০২৫ সালের কানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টির নাটকীয় বিজয়কে ‘যুক্তরাষ্ট্রবিরোধী’ বলেও মন্তব্য করেছিলেন হোয়েকস্ট্রা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলাফলের জন্য কানাডাকে দায়ী করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। জবাবে প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ‘বিষয়টিকে এভাবে উপস্থাপন করা বেশ আগ্রহোদ্দীপক।’
বাণিজ্যযুদ্ধেও বাড়ছে দুই দেশের দূরত্ব
ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে শুল্কবিরোধ দুই দেশের সম্পর্ককে আরো জটিল করে তুলেছে। গত মাসে কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক দুই দেশের পরিবারকেই ক্ষতিগ্রস্ত করছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কানাডার গাড়ি রপ্তানি ১০ শতাংশ কমেছে। অন্যদিকে কানাডায় যুক্তরাষ্ট্রের রপ্তানি কমেছে ২০ শতাংশেরও বেশি।
কার্নি বলেন, ‘যুক্তরাষ্ট্রের শুল্ক কয়েক দশক ধরে চলে আসা বাণিজ্যিক সমঝোতাকে ওলটপালট করে দিয়েছে। এতে মার্কিন পরিবারগুলোর ব্যয় বেড়েছে এবং অন্টারিওর শ্রমিক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় অসুবিধা ও অনিশ্চয়তার মুখে পড়েছে।’
এদিকে মার্কিন নির্বাচনে কানাডার সম্ভাব্য রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগও তুলেছিলেন হোয়েকস্ট্রা। তবে কার্নি এ অভিযোগের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেন। তুরস্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত তার দায়িত্বকে এ ধরনের অভিযোগ তোলার কাজে ব্যবহার করছেন দেখে তিনি হতাশ।
সরকারের জবাব দিতে হবে, তবে বাধ্যতামূলক নয়
পার্লামেন্টে উত্থাপিত হওয়ায় পিটিশনটির বিষয়ে কানাডা সরকারকে আনুষ্ঠানিকভাবে জবাব দিতে হবে। তবে পিটিশনটি বাধ্যতামূলক নয়। অর্থাৎ, এর ভিত্তিতে হোয়েকস্ট্রাকে বহিষ্কার করার কোনো আইনি বাধ্যবাধকতা সরকারের নেই।
কানাডার সংবাদমাধ্যম সিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এলিজাবেথ মে বলেন, সরকার সম্ভবত হোয়েকস্ট্রাকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা কিংবা তার কূটনৈতিক মর্যাদা প্রত্যাহারে রাজি হবে না।
তবে তার মতে, বিপুলসংখ্যক নাগরিকের স্বাক্ষরসংবলিত এই পিটিশন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে। এতে বোঝা যাবে, মার্কিন রাষ্ট্রদূতের কর্মকাণ্ড নিয়ে কানাডার সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে।
একই সঙ্গে কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটদের অবস্থানকে কাজে লাগিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর কূটনৈতিক চাপ তৈরির সুযোগ হিসেবেও পিটিশনটিকে দেখছেন মে।
বিশ্লেষকদের মতে, প্রতিবেশী দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যিক বিরোধ, রাজনৈতিক বক্তব্য এবং কূটনৈতিক শিষ্টাচার নিয়ে চলমান টানাপোড়েন নতুন করে অস্বস্তি তৈরি করছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


