গাজা ও পশ্চিম তীরে প্রতিদিন হামলা-হত্যাকাণ্ড চলছে: বিলাল এরদোয়ান

গাজা ও পশ্চিম তীরে প্রতিদিন হামলা-হত্যাকাণ্ড চলছে: বিলাল এরদোয়ান

ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে প্রতিদিন হামলা ও হত্যাকাণ্ড চলছে। তথাকথিত যুদ্ধবিরতি পরিস্থিতির মধ্যেও গাজায় ভয়াবহ মানবিক সংকট অব্যাহত রয়েছে। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের পরিস্থিতিও দিনে দিনে খারাপ হচ্ছে।

রোববার যুক্তরাজ্যের লন্ডনে বার্ষিক লন্ডন হালাল ফোরামের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তুরস্কের ইবনে হালদুন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান বিলাল এরদোয়ান।

বিজ্ঞাপন

বিলাল এরদোয়ান বলেন, ফিলিস্তিনের প্রতি সংহতিশীল এবং মানবতার বিবেক নিয়ে উদ্বিগ্ন ব্যক্তিদের সঙ্গে এ ফোরামে উপস্থিত থাকতে পারা তাৎপর্যপূর্ণ। গত তিন বছরে মানবতার সেই বিবেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিশ্বকে গণহত্যার বিষয়ে জানাব এবং ফিলিস্তিনে আমাদের ভাই-বোনেরা যে দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন, বিশেষ করে গত তিন বছরে, তার পাশাপাশি ১৯৪৮ সাল থেকে চলে আসা সংকটের বিষয়ে তাদের প্রতি সংহতি প্রকাশ করব।

তিনি আরো বলেন, তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর থাকার পরিস্থিতিতেও গাজায় ভয়াবহ মানবিক সংকট অব্যাহত রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে প্রতিদিনই গণহত্যা চলছে। প্রতিদিন হামলা হচ্ছে, প্রতিদিন মানুষ নিহত হচ্ছে। শুধু গাজায় নয়, পশ্চিম তীরেও। অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেম পরিস্থিতির অবনতি উদ্বেগজনক। সম্মিলিতভাবে যেসব সম্পদ কাজে লাগানো সম্ভব, সেগুলো কৌশলগতভাবে ব্যবস্থাপনা করতে হবে। এর মাধ্যমে আরো কার্যকর ফল অর্জন করা সম্ভব হবে।

অবৈধ ইসরাইলি বসতিতে বাণিজ্যের বিরুদ্ধে কয়েকটি পশ্চিমা দেশের সাম্প্রতিক নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি কেবল শুরু। ভবিষ্যতে এসব পদক্ষেপের আওতা বাড়িয়ে ইসরাইলের সামগ্রিক পণ্যের বাণিজ্যেও বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন