ভারতে আমেরিকান পণ্য আমদানিতে শুল্ক ছাড়ের বিবেচনা করছে দিল্লি। দুই হাজার ৩০০ কোটি ডলার মূল্যের পণ্য আমদানিতে এ শুল্ক ছাড়ের কথা বিবেচনা করা হচ্ছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের হুমকির জেরে দিল্লি এ বিবেচনা করছে বলে খবরে জানানো হয়।
খবরে বলা হয়, আগামী ২ এপ্রিল থেকে বিশ্বজুড়ে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের প্রভাবকে প্রশমিত করতে চায় ভারত। এটি আমেরিকায় ভারতের ছয় হাজার ৬০০ কোটি ডলার রপ্তানিতে আঘাত হানতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি দুই সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, আমেরিকার পণ্যে অন্তত ৫৫ শতাংশ পর্যন্ত শুল্কছাড় দিতে পারে দিল্লি। বর্তমানে শুল্কছাড়ের এ হার পাঁচ থেকে ৩০ শতাংশ।
খবরে বলা হয়, ভারতে আমেরিকার পণ্যে ‘উল্লেখযোগ্য’ হারে শুল্কছাড় দেওয়া হবে; এমনকি কোনো কোনো পণ্যের ক্ষেত্রে তা সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া হবে।
তবে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর দপ্তর ও সরকারি মুখপাত্রের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন দেশের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধের হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। এর অংশ হিসেবে ভারতের বিরুদ্ধেও অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের এ সিদ্ধান্তকে প্রত্যাহার করতে দরকষাকষি করে আসছে ভারত।
গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় দুই দেশের সরকার তাদের মধ্যকার বাণিজ্য ও শুল্ক বিষয়ে আলোচনা করতে সম্মত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

