ইরান যুদ্ধে অর্থায়ন নিয়ে ডেমোক্র্যাটদের সতর্ক করলেন ট্রাম্প

ইরান যুদ্ধে অর্থায়ন নিয়ে ডেমোক্র্যাটদের সতর্ক করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী জানুয়ারি পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অর্থায়ন রয়েছে। একই সঙ্গে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ডেমোক্র্যাটরা যদি যুদ্ধ বন্ধের উদ্যোগ নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ বিজয়’ পরাজয়ে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে ইরানে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে তার স্বাধীনতা সীমিত হয়ে আসতে পারে। তবে বিরোধী দল যেন যুদ্ধের আগাম সমাপ্তি ঘটাতে উদ্যোগী না হয়, সেই প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ‘তারা একটি পূর্ণ বিজয়কে পরাজয়ে পরিণত করবে। তারা যদি এমনটা করে, তাহলে দেখুন—ইরানের নৌবাহিনী শেষ, বিমানবাহিনী শেষ, আকাশ প্রতিরক্ষাব্যবস্থাসহ সবকিছু ধ্বংস হয়ে গেছে। দেশটির নেতারাও আর নেই। ডেমোক্র্যাটরা যদি এমনটা করে, তাহলে তারা একটি বিজয়কে পরাজয়ে পরিণত করবে।’

তিনি আরো বলেন, ‘রাজনৈতিকভাবে তারা কীভাবে এমনটা করতে পারে, তা আমার বোধগম্য নয়। কারণ, আমরা বিজয় অর্জন করেছি। আমরা চাইলে যেকোনো সময় এই যুদ্ধের অবসান ঘটাতে পারি।’

ইরানে সামরিক হামলা চালানোর ক্ষেত্রে সময় ও অর্থায়নের সীমাবদ্ধতা তৈরি হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তারা একটি বিজয়কে পরাজয়ে পরিণত করবে। কারণ, সেটাই ঘটবে। হ্যাঁ, তবে জানুয়ারির একেবারে শেষ পর্যন্ত আমাদের অর্থায়ন রয়েছে।’

এদিকে ইসরাইলের ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থার অবসান ঘটানোর লক্ষ্য অর্জন সম্ভব কি না, সে প্রসঙ্গেও কথা বলেছেন ট্রাম্প। তার মতে, ইসরাইলের এই লক্ষ্য অর্জন সম্ভবত বাস্তবায়নযোগ্য। যদিও তিনি স্পষ্ট করেছেন যে এটি তার নিজের লক্ষ্য নয়।

ট্রাম্প বলেন, ‘আমি শুধু চাই না, তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। আমি কখনোই সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে ছিলাম না। এটি কখনোই আমার বিবেচনার মানদণ্ড ছিল না।’

সূত্র: ডন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...