যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অটোরিকশায় থাকা দুই কাতারগামী প্রবাসীসহ তিন যাত্রী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আজ বুধবার সকালে রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— কাতারগামী প্রবাসী কাওসার হোসেন রুবেল (৩১) ও আলামিন (৩০) এবং তাদের স্বজন মো. বশির (৩৩)। আহত দুই প্রবাসীর বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। অন্যদিকে, নিহত অটোচালক মাসুম মিয়া বরিশালের উজিরপুর উপজেলার মন্ডপাশা গ্রামের হারুন হাওলাদারের ছেলে।

হাসপাতাল ও স্বজন সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টায় রুবেল ও আলামিনের কাতারের ফ্লাইট ছিল। এ উপলক্ষে সকালে তারা শনিরআখড়ার রায়েরবাগ বাগানবাড়ি মসজিদের সামনের বাসা থেকে একটি অটোরিকশায় করে মূল সড়কে যাচ্ছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। তাদের বিমানবন্দরে পৌঁছে দিতে সঙ্গে ছিলেন মো. বশির।

আহত বশিরের স্ত্রী জানান, রিকশাটি রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি ছিটকে পড়ে চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করলে স্বজনরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৩৫ মিনিটে অটোচালক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আহত তিনজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...