আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যে রয়েছেন। সফরের দ্বিতীয় দিন বুধবার কাতারে রয়েছেন তিনি। এর আগে মঙ্গলবার সফরের প্রথম দিন সৌদি আরবে যান ট্রাম্প।
বুধবার সকালে সৌদি আরবের রিয়াদে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সহযোগিতা সংস্থা গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) নেতাদের সঙ্গে এক সম্মেলনে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। ওই সম্মেলনে তিনি সিরিয়ার ওপর থেকে আমেরিকার সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, ‘এ সম্মেলন কক্ষের মহান নেতাদের সহায়তায় আমরা সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি বিবেচনা করছি। আমরা সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেব। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে সিরিয়ার নতুন করে যাত্রা শুরুর করার সুযোগ তৈরি হবে।’
এর আগে মঙ্গলবার রাতে রিয়াদে সৌদি-আমেরিকা ইনভেস্টমেন্ট ফোরামের এক সম্মেলনে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছেন বলে জানান ট্রাম্প।
এদিকে বুধবার জিসিসি সম্মেলনের আগে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল-শারার সঙ্গে সংক্ষিপ্ত এক বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান আল-সউদ উপস্থিত ছিলেন। এ বৈঠকের মধ্য দিয়ে দীর্ঘ ২৫ বছর পর আমেরিকা ও সিরিয়ার রাষ্ট্রপ্রধানদের মধ্যে সাক্ষাৎ হলো।
বৈঠকে ট্রাম্প বলেন, এখন সময় সিরিয়ার উন্নতির। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে দেশটির উন্নয়নের পথে অগ্রসর হওয়ার সুযোগ তৈরি হবে।
এদিকে আমেরিকার প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, আবরাহাম অ্যাকোর্ডের অধীন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এবং সিরিয়া থেকে সব ‘সন্ত্রাসী’কে বিতাড়িত করার জন্য আহমদ আল-শারার কাছে দাবি জানান ট্রাম্প।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প, মুহাম্মদ বিন সালমান ও আহমেদ আল-শারার মধ্যে এ বৈঠকে অনলাইনে যুক্ত হন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। বৈঠকে এরদোয়ান বলেন, সিরিয়ার ওপর থেকে আমেরিকার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এ সিদ্ধান্তের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।
তিনি বলেন, আঙ্কারা প্রত্যাশা করে একটি স্থিতিশীল, সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে সিরিয়া নিজেদের গড়ে তুলবে। একইসঙ্গে আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে দেশটি।
তুর্কি প্রেসিডেন্ট আইএসসহ সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে দামেস্কের লড়াইয়ে আঙ্কারার অব্যাহত সহযোগিতার অঙ্গীকার করেন।
রিয়াদে সফর শেষে বুধবার কাতারের দোহা গেছেন ট্রাম্প। স্থানীয় সময় দুপুর ২টায় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী এয়ারফোর্স ওয়ানের বিমান অবতরণ করে। বিমানবন্দরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলসানি তাকে স্বাগত জানান।
বৃহস্পতিবার সফরের তৃতীয় দিন সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

