চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে দেশটির সামরিক সরকার। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে।
বেলারুশ সফরকালে মিন অং হ্লাইং বলেন, শিগগিরই অবাধ ও স্বচ্ছ নির্বাচনের পরিকল্পনা করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণের জন্য ৫২টি রাজনৈতিক দল ইতোমধ্যে তালিকা জমা দিয়েছে বলেও জানান তিনি।
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে এই প্রথম বহুল প্রতিশ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানালেন সামরিক সরকার। ২০২১ সালের শুরুতে নোবেল শান্তি বিজয়ী অং সান সুচির বেসামরিক সরকারকে সামরিক জান্তা ক্ষমতাচ্যুত করলে দক্ষিণ এশিয়ার দেশটিতে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। বিভিন্ন সময় জান্তা সরকার নির্বাচনের অঙ্গীকার করলেও তার প্রশাসন কেবল জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে গেছে।
সমালোচকরা বলছেন, ডজনের বেশি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এবং সশস্ত্র বিদ্রোহীদের হাতে দেশের অনেকাংশের নিয়ন্ত্রণ হারানো জান্তা সরকারের নির্বাচনের প্রতিশ্রুতি ক্ষমতা দীর্ঘায়িত করার ছল ছাড়া কিছু নয়।
গত ডিসেম্বরে প্রকাশিত এক পরিসংখ্যান অনুসারে মিয়ানমারের ৩৩০ শহরের মাত্র ১৪৫ শহরে জান্তা পূর্ণ ভোটার তালিকা প্রণয়ন করতে সক্ষম হয়েছে। জান্তা সরকার ও সশস্ত্র বিরোধীদের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ দৃঢ় করার লড়াইয়ের মধ্যে নির্বাচন আয়োজন আরো সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

