রুশ সামরিক ঘাঁটিতে ইউক্রেনের হামলা, ক্ষতিগ্রস্ত ৫ বিমান

রুশ সামরিক ঘাঁটিতে ইউক্রেনের হামলা, ক্ষতিগ্রস্ত ৫ বিমান
রাশিয়ার রিয়াজান অঞ্চলে অবস্থিত ডিয়াগিলেভো সামরিক বিমান ঘাঁটির ওপর দিয়ে উড়ছে একটি রুশ টিইউ-২২এম৩ কৌশলগত বোমারু বিমান। ছবি: রয়টার্স

রাশিয়ার রাজধানী মস্কোর পূর্বে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার পাঁচটি সামরিক বিমান। এসব বিমান থেকে ক্ষেপণাস্ত্র ও বোমা নিক্ষেপ করা হতো বলে জানিয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ।

বিজ্ঞাপন

বুধবার ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায়, রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলে অবস্থিত সাভাসলেইকা বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পাঁচটি বিমানের মধ্যে তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান। এসব বিমান থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ ছাড়া দুটি এসইউ-৩৪ যুদ্ধবিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের জেনারেল স্টাফের এই দাবির বিষয়ে রাশিয়া তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করে দেওয়ার লক্ষ্যে ইউক্রেনের সাম্প্রতিক দূরপাল্লার হামলার অংশ হিসেবে সাভাসলেইকা বিমানঘাঁটিতে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় একের পর এক উল্লেখযোগ্য হামলা চালিয়েছে ইউক্রেন। এর মধ্যে লিবিয়ার জলসীমায় রাশিয়ার দুটি জাহাজে হামলা চালানো হয়েছে। এ ছাড়া ফিনল্যান্ড উপসাগরেও রাশিয়ার একটি জাহাজে আঘাত হেনেছে ইউক্রেনীয় বাহিনী।

এর আগে গত সপ্তাহে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুটির সড়ক অংশ ধ্বংস করে ইউক্রেন। পরপর কয়েকটি হামলার পর সেতুটির ওই অংশ ধ্বংস করা হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও লড়াই থামেনি।

রাশিয়ার সামরিক সক্ষমতায় আঘাত হানার চেষ্টা করছে কিয়েভ। একই সময়ে দেশটির জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার নতুন করে হামলা বেড়েছে। পাশাপাশি ইউক্রেনের সম্মুখসারির শহরগুলোতেও রুশ হামলা অব্যাহত রয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা চলতি সপ্তাহে জানিয়েছেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী ব্যবস্থা লক্ষ্য করে অভিযান চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। গত কয়েক মাসে এ ধরনের ১৬টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থায় হামলা চালানো হয়েছে। ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার যেসব হামলা হচ্ছে, তার অনেকগুলোতেই এসব ব্যবস্থা ব্যবহার করা হয়।

এদিকে ইউক্রেনের নতুন করে শুরু করা ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলোর উৎপাদনও কমেছে। চলতি মাসে শিল্প খাতের কয়েকটি সূত্র জানিয়েছে, অক্টোবরের শেষ দিক থেকে এসব হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলোর প্রক্রিয়াকরণ সক্ষমতা ৪৫ শতাংশ কমে গেছে।

কিয়েভ জানিয়েছে, মস্কো রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করলেই কেবল ইউক্রেন রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বন্ধ করবে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...