ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, যা বলছে মুসলিম বিশ্ব

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, যা বলছে মুসলিম বিশ্ব

ইরানের মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর নিন্দা ও উদ্বেগ জানিয়েছে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তানসহ প্রায় সব মুসলিম দেশ। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সতর্ক করে দিয়েছে, এই হামলা পরিস্থিতির আরো উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বাড়িয়েছে।

তুরস্ক: ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার প্রতিক্রিয়ায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সতর্ক করে দিয়েছে যে, এই হামলা পরিস্থিতির আরও উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বাড়িয়েছে।

বিজ্ঞাপন

তুরস্কের আনাদোলু বার্তা সংস্থা উদ্ধৃত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, কেবল আলোচনার মাধ্যমেই পারমাণবিক বিরোধের সমাধান সম্ভব এবং সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।

পাকিস্তান: দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে, তারা এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকিতে গভীরভাবে উদ্বিগ্ন। নোবেল শান্তি পুরস্কারের প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার একদিন পর যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানাল পাকিস্তান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের সকল নিয়ম লঙ্ঘন করেছে। আরো বলেছে যে জাতিসংঘ সনদের অধীনে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে।

সৌদি আরব: সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রিয়াদ গভীর উদ্বেগের সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, বিশেষ করে দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি।

বিবৃতিতে উত্তেজনা কমাতে সংযম প্রদর্শন এবং সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ সংকটের একটি রাজনৈতিক সমাধানে পৌঁছার প্রচেষ্টা জোরদার করার আহ্বানও জানিয়েছে সৌদি আরব।

ওমান: ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল ওমান। ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে অবৈধ আগ্রাসন বলে উল্লেখ করে এ কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে দেশটি। ওমান তাৎক্ষণিকভাবে ও সর্বাত্মক উত্তেজনা প্রশমনেরও আহ্বান জানিয়েছে।

কাতার: যুক্তরাষ্ট্রের হামলার পর এ অঞ্চলে যে বিপজ্জনক উত্তেজনার সৃষ্টি হয়েছে, তা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করে দিয়েছে কাতার।

ইরাক: ইরাক প্রতিবেশী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এ হামলায় যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, তা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেছে দেশটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন