রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে মস্কো সফরে যেতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সফরটি সামনে রেখে প্রস্তুতি চলছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। তবে এ বিষয়ে ইসলামাবাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শাহবাজ শরিফের রাশিয়া সফরের প্রস্তুতি চলছে। এর আগে গত মার্চে তার মস্কো সফরের পরিকল্পনা ছিল। তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ইসলামাবাদ সেই সফর স্থগিত করে। পরে দুই দেশের পারস্পরিক আলোচনার মাধ্যমে সফরের নতুন তারিখ নির্ধারণের কথা ছিল।
পাকিস্তান একসঙ্গে দুটি বড় নিরাপত্তা সংকটের মুখে পড়ায় সে সময় সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। একদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত তীব্র হয়ে ওঠে, অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানকে কেন্দ্র করে পুরো অঞ্চলে সংকট ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি সামাল দেওয়া এবং ইরান থেকে পাকিস্তানি নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়টিতে অগ্রাধিকার দিতে হয় ইসলামাবাদকে।
প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য মস্কো সফরে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে। বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং আফগানিস্তান নিয়েও পুতিন ও শাহবাজ শরিফের আলোচনার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি পাকিস্তান ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উদ্যোগও দেখা গেছে। গত ১২ অক্টোবর রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকোলৎসেভ ইসলামাবাদ সফর করেন। এ সময় তিনি পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন।
রুশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী দুই দেশের সম্পর্কের ‘ইতিবাচক অগ্রগতিতে’ সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও রাশিয়া জ্বালানি, যোগাযোগব্যবস্থা, কৃষি এবং বাণিজ্য খাতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। তবে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো বিস্তৃত করার ক্ষেত্রে এখনো বেশ কিছু বাধা রয়েছে।
বিশেষ করে ব্যাংকিং ব্যবস্থা, অর্থ পরিশোধের কার্যকর পদ্ধতি এবং সরাসরি যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
এ অবস্থায় শাহবাজ শরিফের সম্ভাব্য মস্কো সফর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে পারস্পরিক অবস্থান বিনিময়ের সুযোগ তৈরি করতে পারে। তবে সফরের সময়সূচি ও আলোচ্যসূচি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি।
সূত্র: দ্য টেলিগ্রাফ অনলাইন
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


