ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ দুই কোটি ডলার পুরস্কার ঘোষণার প্রতিবাদ জানিয়েছে তেহরান। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের নিন্দা জানাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে পাঠানো চিঠিতে দেশটির দাবি, এ ধরনের পুরস্কার ঘোষণা ইরানি পরমাণুবিজ্ঞানীদের হত্যার মতো ঘটনাকে উৎসাহিত করতে পারে।
জাতিসংঘ ও আইএইএর প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের এ ঘোষণার তীব্র নিন্দা জানান। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ পুরস্কার ঘোষণার বিষয়টি প্রকাশ করে। পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও (সেন্টকম) তা প্রচার করে।
চিঠিতে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের এ উদ্যোগ গুপ্তচরবৃত্তি এবং ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও কারিগরি কর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে এটি আইএইএর নিরাপত্তা পর্যবেক্ষণব্যবস্থার বিশ্বাসযোগ্যতা, সততা ও নির্ভরযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশটির পরমাণু স্থাপনা ও সংশ্লিষ্ট কর্মীরা যখন হত্যাকাণ্ড, নাশকতা ও আগ্রাসনের ঝুঁকিতে রয়েছেন, তখন পরমাণু কর্মসূচি পরিদর্শনের দাবি পূরণ করা সম্ভব নয়।
তিনি মনে করেন, পরমাণু স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না করে ইরানের কাছে পরিদর্শন ও সহযোগিতা দাবি করা বাস্তবসম্মত নয়।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




