বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে রাশিয়ায় বিদেশি নাগরিকদের পাচারের অভিযোগে নতুন করে একগুচ্ছ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। সর্বশেষ মঙ্গলবার প্রকাশিত এই পদক্ষেপে মোট ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। এর মধ্যে রয়েছে একটি বাংলাদেশি ট্রাভেল কোম্পানিও।

যুক্তরাজ্যের ‘বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচার নিষেধাজ্ঞা বিধিমালা, ২০২৫’-এর অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দিয়ে তাদের ভয়াবহ শোষণের মুখে ঠেলে দিয়েছে।

তদন্তে জানা গেছে, ‘ড্রিম হোম ট্রাভেলস’ রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দিত। কিন্তু সাধারণ বাংলাদেশি নাগরিকেরা রাশিয়ায় পৌঁছানোর পর চিত্র বদলে যেত। তাদের জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান আগ্রাসী যুদ্ধের সম্মুখ সমরে লড়াই করতে বাধ্য করা হতো।

নিষেধাজ্ঞার পাশাপাশি ওই প্রতিষ্ঠানের মালিকের যুক্তরাজ্যে থাকা যাবতীয় সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে যে, মানব পাচার ও অনিয়মিত অভিবাসনের মাধ্যমে যারা মানুষের জীবন বিপন্ন করছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান। এ যুদ্ধকে কেন্দ্র করে অভিবাসীদের যুদ্ধের ময়দানে ব্যবহারের যে অভিযোগ আন্তর্জাতিক মহলে বারবার উঠছিল, এই নিষেধাজ্ঞা সেই সত্যতাকেই আরও জোরালো করল।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন