ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ২৫ বছর অবরোধ দিয়ে রেখেছে ইসরাইল। সর্বশেষ ২০২৩ সালের ৭ অক্টোবর আগ্রাসন শুরুর পর অবরোধ আরো জোরদার করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। খাবার, ওষুধসহ জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণও গাজায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। গাজার এ অবরোধকে ভেঙে স্থানীয় ফিলিস্তিনিদের জীবন ধারণের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে নতুন করে একটি ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছে অবরোধ বিরোধী তৃণমূল আন্দোলন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন।
রোববার ইতালির সিসিলির সাইরাকুসা বন্দর থেকে ‘হানযালা’ নামের এ জাহাজটি গাজার উদ্দেশ্যে রওনা হয়। এর আগে চলতি বছরের মে মাসে ফ্রিডম ফ্লোটিলার ‘কনসেন্স’ ও জুনে ‘মাদলিন’ নামে দুটি ত্রাণবাহী জাহাজ গাজার অবরোধ ভাঙতে রওনা হয়। কিন্তু ‘কনসেন্স’ জাহাজটিকে ভূমধ্যসাগরে মাল্টার কাছে আন্তর্জাতিক পানিসীমায় ড্রোন হামলা করে অকেজো করে দেওয়া হয়। অন্যদিকে ‘মাদলিন’ জাহাজটিকে গাজার কাছাকাছি আন্তর্জাতিক পানিসীমায় ইসরাইলি নৌবাহিনী আটক করে ইসরাইলের বন্দর আশদুদে নিয়ে যায়।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলা হয়, ‘কয়েক সপ্তাহ আগে আন্তর্জাতিক পানিসীমা থেকে ইসরাইলি বাহিনী আমাদের নৌযান মাদলিনকে অন্যায়ভাবে আটক করে এবং ১২ জন নিরস্ত্র বেসামরিক আরোহীকে অপহরণ করে নিয়ে যায়। বৈশ্বিক সংহতির সঙ্গে আমরা ইসরাইলের অবৈধ ও ভয়াবহ অবরোধকে চ্যালেঞ্জ করা অব্যাহত রাখব।’
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১২টার কিছু পরেই জাহাজটি সাইরাকুসা বন্দর ছেড়ে যায়। এতে মোট ১৫ স্বেচ্ছাসেবক রয়েছেন। আগামী ১৮ জুলাই দক্ষিণ ইতালির গালিপলিতে জাহাজটির যাত্রাবিরতির কথা রয়েছে। সেখান থেকে ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য গ্যাব্রিয়ালে ক্যাথালিয়া ও ইউরোপীয় পার্লামেন্টে ফরাসি সদস্য এমা ফুরো ত্রাণবাহী দলে যুক্ত হবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

