তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
এআই দ্বারা নির্মিত ছবি।

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইয়ালোভায় প্রশিক্ষণ ফ্লাইটের সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

বুধবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইয়ালোভায় প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমানবাহিনীর একটি এফ-১৬ বিধ্বস্ত হয়। পাইলট সফলভাবে ইজেক্ট করে বিমান থেকে বেরিয়ে আসেন। তিনি সুস্থ আছেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

ইয়ালোভা এয়ারফিল্ড কমান্ডে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাটি ঘটে। সামরিক বিমানটি ইয়ালোভা প্রদেশের চিফলিককয় জেলার তাসকোপ্রু শহরের ১৮তম মেইন জেট ঘাঁটির কাছাকাছি একটি স্থানে বিধ্বস্ত হয়।

পাইলট প্যারাসুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসার পরপরই ঘটনাস্থলে মেডিকেল ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পাঠানো হয়। পরে পাইলটকে উদ্ধার করে চিকিৎসার জন্য ইয়ালোভা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে ভর্তি করা হয়।

বিধ্বস্ত হওয়া এফ-১৬ যুদ্ধবিমানটি তুরস্কের এসকিসেহির ১ম মেইন জেট ঘাঁটির ‘চেলান স্কোয়াড্রন’-এর অন্তর্ভুক্ত ছিল বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন