দেশ ছেড়েও ভারত সরকারের রোষানল থেকে রেহাই পাচ্ছেন না জাকির নায়েক

দেশ ছেড়েও ভারত সরকারের রোষানল থেকে রেহাই পাচ্ছেন না জাকির নায়েক
ছবি: সংগৃহীত।

তুলনামূলক ধর্মতত্ত্বের গবেষক ও ধর্মপ্রচারক জাকির নায়েক দেশ ছেড়ে মালয়েশিয়ায় বসবাস করলেও তাকে ঘিরে ভারতের কেন্দ্রীয় সরকারের আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে। এবার তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) তহবিল, আর্থিক সম্পদ ও স্থাবর-অস্থাবর সম্পত্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রশাসনকে দিয়েছে ভারত সরকার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএর ৭ ও ৮ ধারার অধীনে এ ক্ষমতা দেয়। আইনটির ৪২ ধারার আওতায় এ নির্দেশনা জারি করা হয়েছে।

আইনের ৭ ধারা অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট তহবিল, আর্থিক সম্পদ ও সিকিউরিটিজের ব্যবহার এবং লেনদেন বন্ধ করতে পারবে কর্তৃপক্ষ। পাশাপাশি এসব সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেন তদন্তের সুযোগও রয়েছে।

অন্যদিকে ৮ ধারা অনুযায়ী, সংগঠনটির বেআইনি কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে বলে সন্দেহ করা বাড়ি, ভবনসহ বিভিন্ন স্থাপনা চিহ্নিত করে সেগুলোর ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে। এসব স্থানে থাকা অস্থাবর সম্পত্তির ওপরও বিধিনিষেধ আরোপের সুযোগ রয়েছে।

এর আগে গত ১৩ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে আরও পাঁচ বছরের জন্য বেআইনি সংগঠন ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। আগের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১৪ নভেম্বর। ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ২০১৬ সালে প্রথমবার সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছিল।

নিষেধাজ্ঞা জারির সময় জাকির নায়েক ভারতের বাইরে ছিলেন। এরপর থেকে তিনি মালয়েশিয়ায় বসবাস করছেন। ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) অনুরোধের পর ২০১৭ সালে তার পাসপোর্ট বাতিল করা হয়। এর আগে তার বিরুদ্ধে মামলা করেছিল সংস্থাটি।

২০১৬ সাল থেকে জাকির নায়েককে ভারতে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চালিয়ে আসছে নয়াদিল্লি। এর অংশ হিসেবে ইন্টারপোলের কাছে তার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়। ২০১৮ সালে মালয়েশিয়ার কাছেও আনুষ্ঠানিকভাবে তাকে প্রত্যর্পণের অনুরোধ জানায় ভারত সরকার।

সূত্র: মুসলিম মিরর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...