চীনের রাজধানী বেইজিংয়ে বন্যায় একটি বৃদ্ধাশ্রমে অন্তত ৩১ জন মারা গেছেন। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি সপ্তাহে এ ঘটনা ঘটেছে। দেশটিতে বন্যায় এ পর্যন্ত মারা গেছে ৪৪ জন।
চীনের সংবাদমাধ্যম জানিয়েছে, বৃদ্ধাশ্রমে ৭৭ জন ছিলেন। এদের মধ্য ৪০ জন আটকা পড়েন। কারণ দ্রুতই পানির পরিমাণ ২ মিটার বা ৬ ফুট বেড়ে যায়।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনা কর্মকর্তা বলেন, ‘অনেক দিন ধরে শহরের কেন্দ্রীয় এলাকা অবস্থিত নার্সিং হোমটি নিরাপদ বলে বিবেচিত হয়ে আসছিল, তাই এটি জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার আওতার মধ্যে রাখা হয়নি।’
প্রতিবেদনে বলা হয়, ভিডিও ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা গলা সমান পানির মধ্যে বৃদ্ধাশ্রমে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। বন্যায় যারা মারা গেছেন, তারা অনেকেই চলাচলে অক্ষম ছিলেন।
উদ্ধারকাজে গাফলতি থাকার বিষয়টি স্বীকার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তারা বলছে, বিষয়টি খুবই বেদনাদায়ক। পরবর্তীতের তাদের এটি শিক্ষা হয়ে থাকবে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তাইশিতুন শহরে অবস্থিত এই বৃদ্ধাশ্রমে মূলত প্রতিবন্ধী, নিম্ন আয়ের মানুষেরা থাকেন।
কর্মকর্তারা জানিয়েছেন, নিকটবর্তী হেবেই প্রদেশে, অতিবৃষ্টির ফলে ১৬ জন মারা গেছেন। চেংদে শহরে আটজন মারা গেছেন। আর ১৮ জন এখনো নিখোঁজ রয়েছেন।
গ্রীষ্ম মৌসুমে ভয়াবহ তাপমাত্রার পর প্রবল বর্ষণে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বন্যায় দেশটিতে এ পর্যন্ত ৪৪ জন মারা গেছে। এছাড়া পূর্বাঞ্চলে রেকর্ড ছাড়িয়েছে তাপমাত্রা ।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


