যুক্তরাষ্ট্রের দেওয়া কেবল লিখিত প্রতিশ্রুতির ভিত্তিতে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক আলোচনায় ফিরবে না ইরান। বরং আলোচনার নতুন অধ্যায় শুরুর আগে যুক্তরাষ্ট্রের বাস্তব পদক্ষেপ দেখতে চায় তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলী বাঘেরি কানি এ কথা জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঘেরি কানি বলেন, ‘ইরানকে অবশ্যই যুক্তরাষ্ট্রের বাস্তব পদক্ষেপগুলো নিজের চোখে দেখতে হবে। যখনই এমন পদক্ষেপ দৃশ্যমান হবে, তখনই একটি নতুন অধ্যায় শুরুর পথ প্রশস্ত হবে।’
তিনি অভিযোগ করেন, গত দেড় বছরে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করে চার দফা আলোচনাই ভেস্তে দিয়েছে। ফলে ওয়াশিংটনের প্রতিশ্রুতির ওপর নির্ভর করে নতুন করে কূটনৈতিক প্রক্রিয়া শুরু করতে রাজি নয় তেহরান।
এদিকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ির তিন ঘণ্টার বৈঠকের উদ্দেশ্য সম্পর্কেও কথা বলেন বাঘেরি কানি।
তিনি জানান, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি বার্তা পুতিনের কাছে পৌঁছে দেওয়া। ওই বার্তায় দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে ইরানের অগ্রাধিকারগুলো তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে খামেনির নেতৃত্বে মস্কোর সঙ্গে তেহরানের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে রাশিয়াকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
সূত্র: আলজাজিরার
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


