লাইসেন্স জালিয়াতি করে ১৭ বছর ধরে ফ্লাইট পরিচালনা পাইলটের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লাইসেন্স জালিয়াতি করে ১৭ বছর ধরে ফ্লাইট পরিচালনা পাইলটের

লাইসেন্স জালিয়াতি করে ১৭ বছর ধরে ফ্লাইট পরিচালনা করার অভিযোগে কানাডার বিমান সংস্থার এক সাবেক পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। কানাডা পুলিশ জানিয়েছে, ৫৯ বছর বয়সি পাইলট জিওফ্রে ওয়াল ২০০৯ সাল থেকে ২০২৫ সালের মধ্যে ৯ শতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছেন।

তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এয়ার কানাডা জানিয়েছে, গত বছর জাল কাগজপত্র ধরা পড়ার সঙ্গে সঙ্গেই পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বিমান সংস্থাটি জানায়, ‘কোম্পানি স্বেচ্ছায় বিষয়টি ট্রান্সপোর্ট কানাডাকে জানিয়েছে।’ গত বছর অবসরে যাওয়ার আগপর্যন্ত যোগ্যতার সনদ নিয়ে এয়ার কানাডা ও কানাডার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে তিনি প্রতারিত করেছেন বলে পুলিশের কাছে প্রমাণ রয়েছে।

বিজ্ঞাপন

পিল রিজিওনাল পুলিশের ডেপুটি চিফ নিক মিলিনোভিচ জানান, ওয়াল ১৯৯৮ সালে তার কর্মজীবন শুরু করেন। ২৭ বছর ধরে তিনি এয়ার কানাডায় বিমান চালাচ্ছিলেন। ওয়ালের বৈধ বাণিজ্যিক পাইলট লাইসেন্স ছিল। তবে বাণিজ্যিক উড়োজাহাজের ক্যাপ্টেন (প্রধান চালক) থেকে উচ্চস্তরের যে ‘এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স’ প্রয়োজন, সেটি তার ছিল না। এ ধরনের লাইসেন্স একাধিক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে অর্জন করতে হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর নিয়মিত পর্যালোচনার সময় এই জালিয়াতি ধরা পড়ে। অভিযুক্ত পাইলটের লাইসেন্সের নথিপত্রে অসঙ্গতি চিহ্নিত করে কর্তৃপক্ষ। এরপর কানাডার ফেডারেল পরিবহন বিভাগ, ট্রান্সপোর্ট কানাডা তদন্ত শুরু করে।

গত ১ জুন ওয়ালের বিরুদ্ধে জালিয়াতি, নথি জাল করা এবং ভুয়া ট্রেডমার্ক নিজের কাছে রাখার অভিযোগসহ মোট সাতটি ধারায় অভিযোগ আনা হয়।

সূত্র: বিবিসি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন