পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানে সশস্ত্র তৎপরতায় জড়িত সংগঠনগুলোর অস্ত্র পাওয়ার পথ বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিয়েরা লিয়নের আহ্বান করা এক অনানুষ্ঠানিক বৈঠকে এ আহ্বান জানান জাতিসংঘে পাকিস্তানের মিশনের কনস্যুলার সৈয়দ আতিফ রাজা।
বৈঠকে তিনি বলেন, ‘সন্ত্রাসী সশস্ত্র সংগঠনগুলো আফগানিস্তানে পরিত্যক্ত বিলিয়ন ডলার মূল্যের অবৈধ অস্ত্রের দখল নিয়েছে। এ অস্ত্র পাকিস্তানের বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনীর বিরুদ্ধে সহিংসতায় ব্যবহার করা হচ্ছে।’
আতিফ রাজা বলেন, আফগানিস্তানের মাটি থেকে এসব অস্ত্র নিয়ে উগ্রবাদী তেহরিকে তালেবান পাকিস্তান-টিটিপি, বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি-বিএলএ ও মাজেদ ব্রিগেড পাকিস্তানে হামলা চালাচ্ছে।
ভারতকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, ‘আমাদের প্রধান প্রতিপক্ষ থেকেও এ সন্ত্রাসী সংগঠনগুলো সহায়তা ও অর্থ সাহায্য পায়।’
পরিত্যক্ত অস্ত্রের মজুত উদ্ধার করা, সশস্ত্র সংগঠনগুলোর কাছে তা পৌঁছাতে বাধা দেওয়া এবং এসব অস্ত্রের অবৈধ কালো বাজার বন্ধে সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানান।
চলতি বছরের শুরু থেকে বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র তৎপরতা বেড়েছে। গত ১১ মার্চ প্রদেশের বোলান পাসে বিএলএ এক ট্রেন হাইজ্যাক করে যাত্রীদের জিম্মি করে। ৩৬ ঘণ্টা অভিযানের পর ট্রেন যাত্রীদের উদ্ধার করা হলেও সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হন।
বেলুচিস্তানে সশস্ত্র তৎপরতার বিষয়ে কঠিন পদক্ষেপের অঙ্গীকার করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ- আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানের শান্তিতে বিঘ্ন ঘটাতে কাউকে অনুমতি দেওয়া হবে না।
এতে বলা হয়, বিদেশিদের অর্থায়নে সমাজের ধ্বংসাত্মক উপাদান ও তাদের রাজনৈতিক সমর্থন দানকারীদের বেলুচিস্তানের জনগণের সহায়তা নিয়ে উৎখাত করা হবে। ইসলামাবাদে সেনাবাহিনীর কর্পস কমান্ডারদের এক বৈঠকের পর এ বিবৃতি দেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

