বিশ্ব বিপর্যয়ের দ্বারপ্রান্তে, রাশিয়ার কড়া সতর্কবার্তা

বিশ্ব বিপর্যয়ের দ্বারপ্রান্তে, রাশিয়ার কড়া সতর্কবার্তা

চলমান ইরান-ইসরাইল সংঘাত ঘিরে গোটা বিশ্ব এখন মারাত্মক সংকটের মুখে—এমনই আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইসরাইলের লাগাতার আগ্রাসন ও ইরানের পরমাণু অবকাঠামোয় আঘাত হানার ঘটনা বিশ্বকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) মস্কোয় আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে জাখারোভা বলেন, ‘ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চলতে থাকলে পুরো বিশ্বই বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটারের দূরত্বে চলে যাবে।’ তিনি সতর্ক করেন, এমন উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রেও চরম হুমকি সৃষ্টি করছে।

রাশিয়ার এই বার্তার পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া সংঘাত ও উত্তেজনার পটভূমি। ইসরাইল বেশ কয়েকবার দাবি করেছে, তারা ইরানের সামরিক এবং পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে প্রতিরক্ষামূলক হামলা চালাচ্ছে। অপরদিকে, ইরান জানিয়েছে, এসব হামলা তাদের সার্বভৌমত্বে আঘাত এবং আঞ্চলিক যুদ্ধের উস্কানি।

এদিকে ইরান-ইসরাইল ইস্যুতে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ চলছে বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এই সংকট নিরসনে কূটনৈতিক সমাধানকে প্রাধান্য দিতে চাই। তবে যুক্তরাষ্ট্র যদি ইসরাইলকে সরাসরি সামরিক সহায়তা দেয়, তাহলে গোটা মধ্যপ্রাচ্য ভয়াবহভাবে অস্থিতিশীল হয়ে উঠবে।’

বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার এই বক্তব্য শুধু কূটনৈতিক সতর্কবার্তা নয়, বরং এটি আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি একটি স্পষ্ট বার্তা—মধ্যপ্রাচ্যে আগুন লাগলে তার ছায়া সারাবিশ্বে পড়বে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন