মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করার পর প্রথম সরকারি সফরে সৌদি আরব পৌঁছেছেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তিন দিনের মধ্যপ্রাচ্য সফরে কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও যাবেন ট্রাম্প। এই সফরে তিনি যুক্তরাষ্ট্রের জন্য বড় বিনিয়োগ টানতে চাইছেন।
সৌদি আরবে পৌঁছে দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে প্রাথমিকভাবে এক বৈঠকে বসেছেন ডোনাল্ড ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমান। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও উপস্থিত রয়েছেন।
ট্রাম্পের জন্য রিয়াদে এক জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়েছে। এ সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও রয়েছেন।
এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদেও ঐতিহ্য ভেঙে প্রথম সফর হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছিলেন। সাধারণত মার্কিন প্রেসিডেন্টরা প্রথমে যুক্তরাজ্য, কানাডা বা মেক্সিকো সফর করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

