আগের সেশনে সাত সপ্তাহের শীর্ষ পর্যায় থেকে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম। সোমবার স্পট গোল্ডের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে যায়। এতে প্রতি আউন্স ৪ হাজার ৩২২ দশমিক ২৮ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৩৮১ দশমিক ৬০ ডলারে।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়ে দুর্বল কর্মসংস্থান তথ্য প্রকাশের পর স্বর্ণের দাম ১৭ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। জুলাইয়ে মার্কিন অর্থনীতি অপ্রত্যাশিতভাবে কর্মসংস্থান হারিয়েছে। পাশাপাশি আগের দুই মাসের কর্মসংস্থান বৃদ্ধির হিসাবও বড় ধরনের সংশোধন করে কমানো হয়েছে।
এতে সেপ্টেম্বরে ফেডের সুদহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বাজারের প্রত্যাশাও বদলে গেছে। ১৫-১৬ সেপ্টেম্বরের ফেড বৈঠকে সুদহার বাড়ানোর সম্ভাবনা এখন ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।
সাধারণত সুদহার কমার সম্ভাবনা বাড়লে স্বর্ণের আকর্ষণ বাড়ে। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদহার কমলে সুদ-আয়কারী সম্পদের তুলনায় স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয়ও কমে যায়।
এদিকে সোমবার স্পট রুপার দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ৪৫ ডলার, প্লাটিনাম ০ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৭৪২ দশমিক ৫০ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৩৬২ দশমিক ৯৭ ডলারে নেমেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


