স্বনির্ভরতা ও ‘প্রকৃত ভ্রাতৃত্ববোধের’ ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সামরিক শক্তির মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।
এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি লেখেন, ‘বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বাহিনীর মুখোমুখি হয়ে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি, সক্ষমতা ও শক্তিমত্তার প্রমাণ দিয়েছে।’
ইরানের এই শীর্ষ কূটনীতিক আরো বলেন, ‘মুসলিমরা যখন ঐক্যবদ্ধ থাকে, তখন আমরা বিদ্বেষী বহিরাগত শক্তির প্রতিটি চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে পারি।’
তিনি বলেন, ‘এখন সময় এসেছে কেবল নিজেদের ওপর নির্ভর করার এবং প্রকৃত ভ্রাতৃত্বকে আলিঙ্গন করার।’
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসী যুদ্ধ শুরু হওয়ার পর কয়েক মাস ধরে চলা আঞ্চলিক সংঘাতের পরিপ্রেক্ষিতে আরাগচি এসব মন্তব্য করলেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর মধ্য দিয়ে ওই সংঘাতের সূত্রপাত হয়। সংঘাত চলাকালে ইরানের ভূখণ্ডে হামলার জবাবে দেশটির সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালায়।
সূত্র: বার্তা সংস্থা মেহের
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


