ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠক

ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠক
বালেন্দ্র শাহ ও নরেন্দ্র মোদি। ছবি: এনডিটিভি

দুই দিনের সফরে ভারতে গিয়ে নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ভারতের রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।

দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি নতুন সাপ্তাহিক ট্রেন সার্ভিস ‘সরযূ-কামলা এক্সপ্রেস’ উদ্বোধন করবেন। নতুন এই ট্রেনটি নয়াদিল্লি থেকে উত্তর প্রদেশের অযোধ্যা হয়ে নেপালের জনকপুর ধাম পর্যন্ত চলাচল করবে।

বিজ্ঞাপন

গত ২৭ মার্চ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই বালেন্দ্র শাহের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। তবে এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে তিনি নিউইয়র্ক সফর করেছিলেন।

নেপালে নতুন নির্বাচিত প্রধানমন্ত্রীদের প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বিদেশ সফর হিসেবে ভারতকে বেছে নেওয়ার দীর্ঘদিনের রীতি রয়েছে। যদিও এটি বাধ্যতামূলক কোনো নিয়ম নয়। ২০২৪ সালে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এই প্রথা ভেঙে প্রথমে চীন সফর করেছিলেন।

৩৫ বছর বয়সি বালেন্দ্র শাহকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়ার পর তিনি মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে রাজঘাটে যাবেন। এরপর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

দুই দেশের বৈঠকে জ্বালানি খাতের সহযোগিতাও গুরুত্ব পেতে পারে। বিদ্যুৎ রপ্তানি বাড়াতে আগ্রহী নেপাল। অন্যদিকে, নেপালের জলবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখাচ্ছে ভারত।

বৈঠকে এ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ এবং সম্ভাব্য বিনিয়োগের বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে ভারত ছাড়ার কথা রয়েছে নেপালের প্রধানমন্ত্রীর।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...