নড়াইলের কালিয়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও মানুষ পুড়িয়ে মারার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজ ও দলটির অনুসারীদের অ্যাকাউন্ট থেকে ছড়ানো এসব দাবির সঙ্গে সুর মিলিয়েছে ভারতের সরকারপন্থি হিসেবে পরিচিত কয়েকটি সংবাদমাধ্যম এবং পশ্চিমবঙ্গের একদল ফেসবুক লেখক। তবে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা, জনপ্রতিনিধি ও প্রশাসনের বক্তব্যে এসব প্রচারণার সঙ্গে বাস্তব ঘটনার বড় ধরনের অসংগতি উঠে এসেছে।
স্থানীয় সূত্র ও প্রশাসনের ভাষ্য অনুযায়ী, কালিয়ায় সাম্প্রতিক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে রাজনৈতিক হত্যাকাণ্ডের জেরে। হামলার শিকার বাড়িগুলোর অধিকাংশই আওয়ামী লীগ নেতাকর্মীদের। এর মধ্যে একটি বাড়ির মালিক হিন্দু ধর্মাবলম্বী এবং তিনি আওয়ামী লীগের সাবেক নেতা কৃষ্ণপদ ঘোষ। অথচ এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শত শত হিন্দু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে’, ‘হিন্দুদের আগুনে পুড়িয়ে মারা হচ্ছে’—এমন দাবি ছড়ানো হচ্ছে।
ঘটনার সূত্রপাত গত ১৮ নভেম্বর কালিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে বিএনপির দুই নেতা সোহেল ও শাহিন মোল্যা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। এর জেরে গত শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের অন্তত ৩০টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় স্থানীয়রা বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছেন।
আক্রান্ত বাড়িগুলোর মধ্যে একমাত্র হিন্দু মালিকানাধীন বাড়িটি কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের। ঘোষপাড়ায় অবস্থিত তার বাড়িতে রাজনৈতিক পরিচয়ের কারণে হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রের ভাষ্য। কিন্তু ওই ঘটনাকে সামনে রেখে পুরো এলাকাকে হিন্দু অধ্যুষিত এবং সেখানে ব্যাপক সাম্প্রদায়িক হামলার চিত্র তুলে ধরার চেষ্টা চলছে।
আওয়ামী লীগের পেজ থেকে ছড়ায় প্রচারণা
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমন্বিতভাবে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিভিন্ন পেজ ও দলটির অনুসারীদের বিরুদ্ধে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজসহ অসংখ্য অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, কালিয়ায় বিএনপি-জামায়াত ২০০ থেকে ৩০০ হিন্দু বাড়ি পুড়িয়ে দিয়েছে।
ভারতে অবস্থানরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও যাচাই না করেই এ ধরনের দাবি সংবলিত পোস্ট শেয়ার করেন। পরে ভারতের কয়েকটি সরকারপন্থি সংবাদমাধ্যমেও মাঠপর্যায়ে তথ্য যাচাই না করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।
একই প্রচারণায় যুক্ত হন পশ্চিমবঙ্গের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় লেখক ও মন্তব্যকারীদের কয়েকজন। তাদের মধ্যে বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অমিত গোস্বামী, শ্রীজাত ও দীপ হালদারের নাম উঠে এসেছে। বাংলাদেশের স্থানীয় ঘটনা ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় না নিয়ে এসব পোস্ট ও মন্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক হামলার অভিযোগ ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে সমালোচনা তৈরি হয়েছে।
এআই ছবি দিয়ে অপপ্রচারের অভিযোগ
প্রচারিত দাবিগুলোকে বিশ্বাসযোগ্য করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ব্যবহারের অভিযোগও সামনে এসেছে। প্রবাসী আওয়ামী লীগ নেতা শওকত হোসেন খান তার ফেসবুক পোস্টে দুটি এআই-নির্মিত ছবি যুক্ত করে দাবি করেন, বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভীর উসকানিতে নড়াইল জ্বলছে এবং এর মধ্য দিয়ে পুরো দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
একইভাবে ‘মো. হালিম শাহ লিল মিয়া’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আগুনের মধ্যে একজন হিন্দু নারীর আর্তনাদের ছবি প্রকাশ করা হয়। ছবিটি এআই দিয়ে তৈরি বলে অভিযোগ উঠেছে। পোস্টে দাবি করা হয়, নড়াইলে বিএনপির ‘অগ্নিসন্ত্রাসীরা’ সংখ্যালঘু সম্প্রদায়ের ৪০ থেকে ৫০টি বাড়ি লুটপাট করে পুড়িয়ে দিয়েছে।
এ ছাড়া কয়েকটি পোস্টে দাবি করা হয়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতেই এসব হামলা চালানো হয়েছে।
হিন্দু নেতারাই বলছেন, শত শত বাড়ি পোড়ানোর খবর মিথ্যা
কালিয়ার হিন্দু সম্প্রদায়ের নেতাদের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো দাবিগুলোর সঙ্গে বাস্তবতার অমিল স্পষ্ট হয়েছে। কালিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক ঘোষ অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডিসেন্টকে বলেছেন, কালিয়ায় শত শত হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি জানান, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বেন্দারচর এলাকায়। এটি সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির এলাকা। সেখানে কোনো হিন্দু পরিবার বসবাস করে না। কেবল ঘোষপাড়ায় আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ওই বাড়ি ছাড়া অন্য কোনো হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। হিন্দু মহল্লার বাসিন্দারাও নিরাপদে রয়েছেন।
কালিয়া কেন্দ্রীয় হরিবাসর মন্দির কমিটির সম্পাদক অলক সাহাও একই তথ্য জানিয়েছেন। তার ভাষ্য, বেন্দারচর শতভাগ মুসলমান অধ্যুষিত এলাকা। কালিয়া বাজার কিংবা অন্য কোনো স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার খবরও তিনি পাননি।
কালিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক অরুপ ঘোষও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণার সঙ্গে বাস্তবতার মিল নেই বলে জানিয়েছেন। তার মতে, রাজনৈতিক নেতা কৃষ্ণপদ ঘোষের বাড়ির দুই-তিনটি ঘরে আগুন দেওয়া হয়েছে। বেন্দারচরে যেসব বাড়িতে হামলা হয়েছে, সেগুলোর মালিক মুসলমান এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট।
প্রশাসনের বক্তব্যেও মেলেনি প্রচারণার সত্যতা
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানিয়েছেন, ৫ আগস্টের পর থেকেই ওই এলাকার কিছু বাড়ি পরিত্যক্ত অবস্থায় ছিল। শুক্রবার বিক্ষুব্ধ লোকজন নতুন করে চার থেকে পাঁচটি বাড়িতে আগুন দেয় এবং ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর চালায়। এতে আনুমানিক ১২ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।
ওসি বলেন, সংশ্লিষ্ট তিনটি গ্রামে কোনো হিন্দু বসতি নেই। ফলে হিন্দু বাড়িঘরে ব্যাপক হামলার যে প্রচারণা চালানো হচ্ছে, তার সঙ্গে ঘটনার বাস্তবতার মিল নেই।
অন্যদিকে বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে হামলা চালানোর অভিযোগও নাকচ করেছেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। তিনি জানান, রুহুল কবির রিজভী ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সকালে নিহত বিএনপি নেতাদের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বেলা পৌনে ১২টার মধ্যেই তারা এলাকা ত্যাগ করেন। অথচ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে সন্ধ্যার ঠিক আগে।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতাদের বক্তব্য এবং প্রশাসনের তথ্য অনুযায়ী, কালিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে রাজনৈতিক বিরোধের জেরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বাড়ির মালিক হিন্দু ধর্মাবলম্বী। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে শত শত হিন্দু বাড়ি পোড়ানো এবং মানুষকে আগুনে পুড়িয়ে মারার যে প্রচারণা চলছে, তার পক্ষে স্থানীয় নেতাদের বক্তব্য বা প্রশাসনের তথ্যে কোনো সমর্থন পাওয়া যায়নি।
একটি রাজনৈতিক সহিংসতার ঘটনাকে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবির সত্যতা নিয়ে তাই গুরুতর প্রশ্ন উঠেছে। বিশেষ করে এআই দিয়ে তৈরি ছবি ও যাচাইবিহীন তথ্য ব্যবহার করে বাংলাদেশ সম্পর্কে বিদেশে বিভ্রান্তিকর ধারণা তৈরির অভিযোগও সামনে এসেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

