ইসরাইলের হামলা বন্ধে মধ্যস্থতাকারীদের প্রতি হামাসের আহ্বান

ইসরাইলের হামলা বন্ধে মধ্যস্থতাকারীদের প্রতি হামাসের আহ্বান
ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের ক্রমবর্ধমান বিমান হামলা বন্ধে মধ্যস্থতাকারীদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। গোষ্ঠীটি বলেছে, ইসরাইলের এসব হামলা যুদ্ধবিরতি চুক্তির আরো একটি লঙ্ঘন এবং গণহত্যার মাত্রা বাড়ানোর শামিল।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে হামাস জানায়, হত্যাকাণ্ড অব্যাহত রাখা এবং ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে ফিলিস্তিনি ভূখণ্ডের আরো এলাকা দখলে নেওয়া যুদ্ধাপরাধ। এসব কর্মকাণ্ড বন্ধে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন।

গত বছরের যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী এবং ‘বোর্ড অব পিসের’ প্রতি ইসরাইলকে চুক্তি লঙ্ঘন বন্ধে চাপ প্রয়োগের আহ্বানও পুনর্ব্যক্ত করেছে গোষ্ঠীটি।

এদিকে গাজার মধ্যাঞ্চলে হামাসের সামরিক শাখার সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, হামলার লক্ষ্যবস্তু ব্যক্তিদের মধ্যে হামাসের বিশেষ কমান্ডো ইউনিট ‘নুখবা’র কয়েকজন সদস্যও ছিলেন। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা ইসরাইলি সেনা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা করতে বৈঠক করছিলেন।

এদিকে স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলের একাধিক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন