যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে তীব্র তাপপ্রবাহ, একাধিক শহরে ভাঙল দেড় শতাব্দীর রেকর্ড

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে তীব্র তাপপ্রবাহ, একাধিক শহরে ভাঙল দেড় শতাব্দীর রেকর্ড

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে তীব্র তাপপ্রবাহে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। রোববার দেশটির উত্তরাঞ্চলীয় সমভূমি থেকে শুরু করে রকি পর্বতমালা অঞ্চলের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থার (এনডব্লিউএস) প্রাথমিক তথ্য অনুযায়ী, উটাহ অঙ্গরাজ্যের রাজধানী সল্ট লেক সিটি এবং মন্টানার বৃহত্তম শহর বিলিংসে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ১০৯ ডিগ্রি ফারেনহাইট (৪৩ ডিগ্রি সেলসিয়াস)।

রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার দেড় শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এই প্রথম দুই শহরেই এত বেশি তাপমাত্রা রেকর্ড করা হলো। এর আগে সল্ট লেক সিটির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১০৭ ডিগ্রি ফারেনহাইট (৪২ ডিগ্রি সেলসিয়াস) এবং বিলিংসে ছিল ১০৮ ডিগ্রি ফারেনহাইট (৪২ ডিগ্রি সেলসিয়াস)।

তীব্র গরমের কারণে কলোরাডো ও উটাহ অঙ্গরাজ্যে চলমান ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের কাজও ব্যাহত হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।

এর মাত্র এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলেও আরেকটি তাপপ্রবাহে নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ায় তাপমাত্রা প্রায় ১০৪ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছেছিল।

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহের ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার এবং গ্রিনহাউস গ্যাসের নির্গমনই এর প্রধান কারণ।

এদিকে, পশ্চিম ইউরোপেও চলতি বছরের জুন মাস ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণ জুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ওই তাপপ্রবাহে অঞ্চলজুড়ে এক হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...