কাপ্তাইয়ে চলতি বছরের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

কাপ্তাইয়ে চলতি বছরের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন

ভারি বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে । গতকাল রোববার হ্রদের পানি ১শ ফুট মিন সি লেভেলের নিচে ছিলো। সোমবার সকালে থেকে ১শ ফুট মিন সি লেভেল অতিক্রম করেছে। সেই সাথে কাপ্তাই-কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

বিজ্ঞাপন

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল ছিলো ১০০.৬০ ফুট মিন সি লেভেল। যেখানে রোববার রাত পর্যন্ত পানির লেভেল ছিল ৯৯.১৫ ফুট মিন সি লেভেল। পানি বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রের ৫টি ইউনিট থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২০৬ মেগাওয়াট। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন।

এর আগে গত বছরের নভেম্বর মাস পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ২শ মেগাওয়াট ছাড়িয়ে গেলেও হ্রদে পানি স্বল্পতায় গত বছরের ডিসেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন এর নিচে চলে আসে।

এদিকে কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের ১ নং, ৩ নং, ৪ নং এবং ৫ নং ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ এবং ২ নং ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন