স্বাভাবিক আবাসস্থল তলিয়ে যাওয়ায়

চট্টগ্রামে বন্যায় সাপের উপদ্রব বৃদ্ধি, এক সপ্তাহে কামড়ে আহত ৮৬

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে বন্যায় সাপের উপদ্রব বৃদ্ধি, এক সপ্তাহে কামড়ে আহত ৮৬
ছবি: আমার দেশ

চলমান বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। এরই মধ্যে গত এক সপ্তাহে সাপের কামড়ে অন্তত ৮৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন বিষধর সাপের কামড়ে আক্রান্ত, বাকিদের কেটেছে বিষহীন সাপ। বিষধর সাপে আক্রান্ত তিনজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘বন্যাদুর্গত এলাকাগুলোতে সাপের উপদ্রব বেড়েছে। ফলে আশ্রয়কেন্দ্র ও বসতবাড়িতে সাপে কাটার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত ৮৫ জন আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে বিষধর সাপ কেটেছে এবং অন্যদের কেটেছে বিষহীন সাপ।’

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে বোয়ালখালী উপজেলায় ২০ জন, পটিয়ায় ১৮ জন, বাঁশখালীতে ১২ জন, রাউজানে ৯ জন, হাটহাজারীতে ৮ জন, সাতকানিয়ায় ৬ জন, আনোয়ারায় ৫ জন, চন্দনাইশে ৩ জন, রাঙ্গুনিয়ায় ৩ জন এবং লোহাগাড়ায় ২ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বন্যার পানিতে সাপের স্বাভাবিক আবাসস্থল তলিয়ে যাওয়ায় তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়, বসতবাড়ি ও আশ্রয়কেন্দ্রে চলে আসছে। এ কারণে সাপের কামড়ের ঝুঁকি বেড়েছে।

এ পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে রাতে চলাচলের সময় টর্চলাইট ব্যবহার, পানিতে নামার আগে লাঠি দিয়ে স্থান পরীক্ষা করা, ঘরবাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং সাপে কামড়ালে কোনো ধরনের ঝাড়ফুঁক বা বিলম্ব না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, চট্টগ্রাম বিভাগে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম মজুত রয়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি হাসপাতালগুলোতে সাপে কাটার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন