মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান

দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের ব্রেইল কোরআন ও সাদাছড়ি দিলেন ছাত্রদল নেতা বাসিত

দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের ব্রেইল কোরআন ও সাদাছড়ি দিলেন ছাত্রদল নেতা বাসিত

দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের শিক্ষা, ধর্মীয় চর্চা ও মানবিক বিকাশে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত। তিনি বলেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের এনে পবিত্র কোরআন শিক্ষা প্রদান ও হাফেজ হিসেবে গড়ে তোলার মহৎ উদ্যোগে ছাত্রদল সবসময় পাশে থাকবে।

বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ডেমরা এলাকার মদিনাতুল উলুম দৃষ্টিপ্রতিবন্ধী এতিমখানায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী কোরআনের হাফেজদের মধ্যে ব্রেইল পদ্ধতির কোরআন শরীফ ও সাদাছড়ি বিতরণ করা হয়। পরে তাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, এই প্রতিষ্ঠানের অনেকেই পৃথিবীর আলো দেখতে পান না। কিন্তু তাদের প্রতিভা, অধ্যবসায় ও ধর্মীয় জ্ঞান অর্জনের আগ্রহ অনন্য। তাদের উৎসাহ ও সাহস জোগাতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে সমাজে ভূমিকা রাখতে পারেন

ছাত্ররাজনীতির মানবিক দিক তুলে ধরে তিনি আরও বলেন, দেশপ্রেম ও মানবিকতার শিক্ষা কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চায় ছাত্রদল। আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও এ ধরনের মানবিক কর্মকাণ্ডই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে সহায়তা করে।

প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্তর্জাতিক সাফল্যের কথা উল্লেখ করে ছাত্রদলের এই নেতা জানান, এখান থেকে প্রশিক্ষণ নেওয়া হাফেজরা ব্রেইল কোরআনের মাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআন তিলাওয়াত ও আয়াত লেখার দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে কাজী জিয়াউদ্দিন বাসিত জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শনের আলোকে মানবিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্ব দিচ্ছে ছাত্রদল। এ সময় তিনি মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক-কর্মকর্তা ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন