ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও অন্যতম সেরা অর্থনীতিবিদ মনমোহন সিংয়ের মৃত্যুতে দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার রাতে দিল্লির একটি হাসপাতালে মারা যান ৯২ বছর বয়সি বর্ষীয়ান এই রাজনীতিবিদ। শনিবার নয়াদিল্লিতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
সাবেক এই প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন নেতা ও সরকার প্রধানরা শোক প্রকাশ করেছেন।
ভারতে অর্থনৈতিক উদারীকরণের স্থপতি ছিলেন মনমোহন সিংহ। সেই সঙ্গে ছিলেন, রূপান্তরমূলক অর্থনৈতিক সংস্কারের অন্যতম পথপ্রদর্শক। ১৯৩২ সালে পাঞ্জাবে জন্মগ্রহণকারী এই নেতা ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৩ বছর দায়িত্ব পালনের পর এ বছরের শুরুতে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে আনুষ্ঠানিক ২১ বার বন্দুকের স্যালুটসহ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। তার লাশ জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হবে এবং শেষ যাত্রায় সামরিক ব্যান্ড ও সশস্ত্র বাহিনীর সদস্যরা একটি ঐতিহ্যবাহী পদযাত্রা করবেন। জাতির প্রতি তার অবদানকে শ্রদ্ধা জানাতে একটি বিশেষ প্রটোকল পালন করা হবে।
১৯৭১ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিয়ে ভারত সরকারে প্রথমবারের মতো যুক্ত হয়েছিলেন মনমোহন সিং।
এদিকে, কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকীসহ সব কর্মসূচি আগামী সাত দিনের জন্য বাতিল করা হয়েছে।
তার মৃত্যুতে ভারতীয় রাজনীতি ও অর্থনীতির একটি যুগের অবসান হলো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

