ইরানের পরমাণু কর্মসূচি এক থেকে দুই বছর পিছিয়েছে: পেন্টাগন

ইরানের পরমাণু কর্মসূচি এক থেকে দুই বছর পিছিয়েছে: পেন্টাগন

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পরমাণু কর্মসূচি এক থেকে দুই বছর পিছিয়ে বলে জানিয়েছে পেন্টাগন। গত ২২ জুন ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। খবর আল জোজিরার।

বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পার্নেল সাংবাদিকদের বলেন, হামলায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে পরমাণু কর্মসূচি সম্ভবত পুরো দুই পিছিয়ে যাবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা যে সমস্ত গোয়েন্দা তথ্য দেখেছি তা থেকে এটা স্পষ্ট যে, ইরানের স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।’

পার্নেল দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ‘এমনভাবে ধ্বংস হয়ে গেছে যা আগে কেউ কখনো দেখেনি।’

পেন্টাগনের দাবি, মার্কিন সামরিক অভিযান তার লক্ষ্য অর্জন করেছে বলেই মনে করা হচ্ছে। তবে পেন্টাগনের এ দাবির বিষয়ে কোন প্রমাণ উপস্থাপন করেননি মুখপাত্র শন পার্নেল।

এরআগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার প্রায় পরপরই বলেছিলেন, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে।

২২ জুন মার্কিন সামরিক বোমারু বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ১২টির বেশি ১৩ হাজার ৬০০ কেজির বাঙ্কার-বাস্টার বোমা এবং ২৪টির বেশি বেশি টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। শার্নেল এই হামলাকে ‘সাহসী অভিযান’ হিসেবে বর্ণনা করেন।

সপ্তাহান্তে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছিলেন, ইরান কয়েক মাসের মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে পারে। যা তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার বিষয়ে মার্কিন হামলা কতটা কার্যকর তা নিয়ে সন্দেহ তৈরি করেছে।

গত জুন মাসে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে মার্কিন হামলা নিয়ে গোয়েন্দা পর্যালোচনার প্রতিবেদন ফাঁস হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলা ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলোকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। হামলায় পরমাণু কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন