১২ ড্রোন ভূপাতিত, এক বেসামরিক নিহত: পাক সেনাবাহিনী

১২ ড্রোন ভূপাতিত, এক বেসামরিক নিহত: পাক সেনাবাহিনী

পাকিস্তানের বিভিন্ন জায়গায় এক রাতে ভারতের ১২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ সময় ৪ পাকিস্তানি সেনা আহত ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া একটি সামরিক অবকাঠামো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে বুধবার পালটাপালটি প্রাণঘাতী হামলার পর বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেছেন, বুধবার রাতে ভারত অন্তত ৯টি স্থানে ড্রোন হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ‘উচ্চ সতর্ক’ থাকায় এখন ড্রোনগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ভারতীয় ড্রোনগুলো পাকিস্তানের লাহোর, গুজরানওয়ালা, চকওয়াল, অ্যাটক, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, ছোড় এবং করাচির দিকে পাঠানো হয়েছিল।

ক্ষয়ক্ষতি সম্পর্কে বলতে গিয়ে আইএসপিআর মুখপাত্র বলেন, লাহোরে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে ৪ জন পাকিস্তানি সেনা আহত ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতকে হুঁশিয়ারি দিয়ে আইএসপিআরের মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় ড্রোন পাঠানো অব্যাহত রয়েছে। ভারতকে এই নগ্ন আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে।

সূত্র: এএফপি ও ডন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন