আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরাক থেকে মিশন গুটিয়ে নিলো ন্যাটো

আমার দেশ অনলাইন

ইরাক থেকে মিশন গুটিয়ে নিলো ন্যাটো

ইরান যুদ্ধের ফলে সৃষ্ট আঞ্চলিক অস্থিতিশীলতার মধ্যে ইরাক থেকে নিজেদের প্রায় সব কর্মীকে সরিয়ে নিয়েছে ন্যাটো। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দপ্তরের কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি ও আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রত্যাহার ‘সাময়িক’ এবং যুদ্ধ শেষ হয়ে পরিস্থিতি স্থিতিশীল হলে ন্যাটোর কর্মীরা আবার সেখানে ফিরবেন।

বিজ্ঞাপন

কয়েক’শ কর্মী নিয়ে গঠিত এই ন্যাটো মিশন বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে অবস্থান করছিল। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা শুরুর পর মিশনটিতে বারবার হামলা হচ্ছিল। এই পরিস্থিতিতে একটি ছোট দল ছাড়া বাকি সব ইউনিটকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইরাক থেকে ইতালির নেপলসে ন্যাটোর কমান্ড সেন্টারে কর্মীদের নিরাপদে স্থানান্তরের জন্য ইরাক ও মিত্র দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছে ন্যাটো।

শুক্রবার ন্যাটোর ইউরোপের সুপ্রিম অ্যালাইড কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচ এক বিবৃতিতে বলেন, ‘আমি ন্যাটো মিশন ইরাকের সেই নিবেদিতপ্রাণ পুরুষ ও নারীদের ধন্যবাদ জানাতে চাই, যারা এই পুরো সময়জুড়ে তাদের দায়িত্ব পালন করে গেছেন। তারা প্রকৃত পেশাদার।’

জোটটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ন্যাটো মিশন ইরাকের শেষ কর্মীরা আজ ইরাক ত্যাগ করেছেন এবং তারা নেপলস থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাবেন।

ন্যাটোর ভাষ্য অনুযায়ী, ‘ন্যাটো মিশন ইরাক’ একটি অ-যুদ্ধকালীন (নন-কম্ব্যাট) মিশন। ইরাককে আরও টেকসই ও কার্যকর নিরাপত্তা প্রতিষ্ঠান গড়ে তুলতে পরামর্শ ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা এই মিশনের কাজ। ইরাকের নিরাপত্তা বাহিনীকে তাদের দেশ স্থিতিশীল করতে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে এবং আইএসআইএলের পুনরুত্থান রোধ করতে সক্ষম করে তোলাই তাদের অন্যতম প্রধান কাজ।

সূত্র: মিডল ইস্ট আই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন