নাগরিক হওয়ার আগেই ভোটার সোনিয়া গান্ধী, মামলা দায়ের

নাগরিক হওয়ার আগেই ভোটার সোনিয়া গান্ধী, মামলা দায়ের

ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে দিল্লির আদালতে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, ১৯৮৩ সালে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার তিন বছর আগে থেকেই ভোটার তালিকায় তার নাম উঠে। বিকাশ ত্রিপাঠী নামের এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেছেন। ১০ সেপ্টেম্বর মামলার শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত। খবর সংবাদ প্রতিদিনের।

১৯৮৩ সালে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগেই ১৯৮০ সালের ভোটার তালিকায় তার নাম রয়েছে। ত্রিপাঠীর আবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯৮০ সালে সোনিয়া গান্ধীর নাম প্রথমে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছিল। তবে আপত্তির কারণে ১৯৮২ সালে তা বাদ দেওয়া হয়। ১৯৮৩ সালে তিনি নাগরিকত্ব পাওয়ার পরে ফের তার নাম তালিকায় যুক্ত করা হয়।

বিজ্ঞাপন

ত্রিপাঠীর দাবি এই ঘটনা ভোটার তালিকায় নাম তোলার পদ্ধতিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

নাগরিকত্ব না থাকা সত্ত্বেও সোনিয়া গান্ধীর নাম কীভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল তা নিয়ে আবেদনকারী উদ্বেগ প্রকাশ করেছেন। তার অভিযোগ, প্রাথমিকভাবে সোনিয়া গান্ধীর নাম বাদ যাওয়ার কারণ হতে পারে তাঁর নাগরিকত্ব না পাওয়া অথবা নির্বাচনী এলাকা বদল হওয়া। ত্রিপাঠীর আইনজীবীর দাবি জাল নথির ভিত্তিতে সোনিয়া গান্ধীর নাম ১৯৮০ সালের ভোটার তালিকায় নথিভুক্ত করা হয়।

দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেসসহ বিরোধী দলগুলি। সেই প্রেক্ষাপটে কিছুদিন আগেই বিস্ফোরক দাবি করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। অভিযোগকারী বিকাশ ত্রিপাঠির দাবির সঙ্গে সামঞ্জস্য রয়েছে অমিত মালব্যের দাবির। মালব্যর পোস্টে সফদরজং রোডের ১৪৫ নম্বর বুথের তালিকার ছবি দেওয়া হয় এবং একই দাবি করা হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন