ইরানের হামলায় আরো ৮ ইসরাইলি নিহত

ইরানের হামলায় আরো ৮ ইসরাইলি নিহত

ইরানের হামলায় ইসরাইলে নতুন করে আরো অন্তত ৮ জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে তিনশ জন। এ নিয়ে শুক্রবার থেকে শুরু হওয়া যুদ্ধে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরা এক প্রতিবেদন জানায়, ইসরাইলের মধ্যাঞ্চলে গত সোমবার রাতে শক্তিশালী হামলা চালায় ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ভবনে আগুন ধরে যায়। ইসরাইলের বন্দর শহর হাইফায় আটজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত তিনশ’ ইসরাইলি। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। ছয়জনের অবস্থা স্থিতিশীল। ৮৭ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সিএনএনের এক খবরে বলা হয়েছে, ইসরাইল একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। বর্তমানে হামলা প্রতিহত করার কাজ চলছে বলে জানিয়েছে আইডিএফ।

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ জানিয়েছে, মধ্য ইসরাইলের পেতাহ টিকভা শহরের একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। হামলার ফলে ওই স্থানে আগুন ধরে যায়।

তেল আবিব ও জেরুজালেমসহ ইসরাইলের বিভিন্ন শহরে জরুরি সতর্ক সংকেত (সাইরেন) বাজতে শুরু করেছে। আইডিএফ সতর্ক করে বলেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অভেদ্য নয়।

এছাড়া, তেলআবিব থেকে ৯০ কিলোমিটার দূরে বন্দর শহর হাইফা’র কয়েকটি স্থানে হামলায় কয়েকজন আহত হয়েছেন।

ইসরাইলি হামলায় ইরানে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আরও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক। এরমধ্যে সবশেষ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর দুই জেনারেল নিহত হয়েছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন