হুথি অবস্থানে এক দিনে ১৩০০ হামলা, হতাহত ৪ শতাধিক

হুথি অবস্থানে এক দিনে ১৩০০ হামলা, হতাহত ৪ শতাধিক
ছবি: সংগৃহীত

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে সবশেষ সামরিক অভিযানে বড় ধরনের সাফল্যের দাবি করেছে দেশটির পশ্চিমা সমর্থিত সশস্ত্র বাহিনী। গত ২৪ ঘণ্টায় হুথিদের অবস্থান লক্ষ্য করে ১ হাজার ৩০০টির বেশি বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা। এসব হামলায় হুথিদের ৪৪০ জন কমান্ডার ও যোদ্ধা হতাহত হয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি জানান, ‘ডন অব ইয়েমেন’ নামে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়। হুথিদের কমান্ড সেন্টার, সেনাসমাবেশ এবং রসদ সরবরাহের পথ লক্ষ্য করে হামলাগুলো পরিচালনা করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও দাবি করা হয়, এসব হামলায় হুথিদের ৪৪০ জন কমান্ডার ও যোদ্ধা হতাহত হয়েছেন। এছাড়া ১৪৬টি যানবাহন, ভারি অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস কিংবা অকার্যকর করা হয়েছে।

এদিকে, তাইজ অঞ্চলে সরকারি বাহিনী জানিয়েছে, পূর্ববর্তী লড়াইয়ে হারানো অবস্থান পুনর্দখলে হুথিদের প্রচেষ্টা তারা প্রতিহত করেছে। একই সঙ্গে ওই অঞ্চলে আরও অগ্রগতি অর্জন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান ও পাহাড়ি এলাকার ওপর নিয়ন্ত্রণ জোরদার করার দাবি করেছে বাহিনীটি।

অন্যদিকে, বাব আল-মান্দেব, ধুবাব ও আল-মুদারাবাহ ফ্রন্টে নিয়োজিত বাহিনীগুলো জানিয়েছে, তারা হুথিদের অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করেছে এবং বিদ্রোহীদের শক্তিবৃদ্ধির জন্য পাঠানো সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে ইয়েমেনি সেনাবাহিনীর এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন