তুরস্ক এজিয়ান ও ভূমধ্যসাগরের দুটি অংশে নতুন 'মেরিন প্রোটেক্টেড এরিয়া' (MPA) ঘোষণা করেছে। এই পদক্ষেপকে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার অংশ হিসেবে দেখালেও, গ্রীস একে তাদের সমুদ্রসীমার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছে।
রোববার তুরস্কভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তুরস্ক জানিয়েছে, এসব অঞ্চল আন্তর্জাতিক সমুদ্র আইনের আওতায় পড়ে এবং ইউনেসকোর সঙ্গে সমন্বয়ে সেগুলো নিবন্ধন করা হয়েছে। তবে গ্রীসের দাবি, এই ঘোষণার মাধ্যমে আঙ্কারা তাদের সার্বভৌম অধিকার লঙ্ঘন করছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে।
এদিকে তুরস্ক, লিবিয়া ও ইতালির মধ্যকার সম্প্রতি অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকেও ভূমধ্যসাগরে সমুদ্রসীমা ও শক্তি সম্পদকে ঘিরে সহযোগিতা জোরদার হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ অঞ্চলে তুরস্কের "ব্লু হোমল্যান্ড" নীতি কার্যকর করার ফলে কৌশলগত প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।
এই ঘটনার জেরে পূর্ব ভূমধ্যসাগরে আবারও সামুদ্রিক উত্তেজনা বাড়বে বলে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

