ক্যাম্প ডেভিডে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের গোপন বৈঠক

ক্যাম্প ডেভিডে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের গোপন বৈঠক
ছবি: আনাদোলু

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং ইয়েমেনে সৌদি-হুথি সংঘাত নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। শুক্রবার ক্যাম্প ডেভিডে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি আগে থেকে নির্ধারিত ছিল না বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানায়, কয়েক ঘণ্টাব্যাপী ওই গোপন বৈঠকে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বিশেষ দূত স্টিভ উইটকফ, সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন অংশ নেন।

বিজ্ঞাপন

এক মার্কিন কর্মকর্তা জানান, বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে এবং বিভিন্ন ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

ইরানের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ায় ট্রাম্প বড় পরিসরে সামরিক অভিযান পুনরায় শুরু করার বিষয়টি বিবেচনা করছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ এবং অতিরিক্ত মেরিন সেনাসদস্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এতে সর্বোচ্চ ১০ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন হতে পারে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এসব বাহিনী নভেম্বরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যে পৌঁছাতে পারে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, কোনো সমঝোতায় পৌঁছানো না গেলে নভেম্বরের শুরুতে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ফের হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন