হামাসের সামরিক মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরাইলের

আতিকুর রহমান নগরী

হামাসের সামরিক মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরাইলের
ছবি: মিডল ইস্ট আই

ইসরাইলের বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন। রোববার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি করেছেন। খবর মিডল ইস্ট আইয়ের।

ইসরাইল বলছে, ফিলিস্তিনের গাজা সিটিতে বিমান হামলায় আবু উবাইদা নিহত হন। ‘ক্রুটিহীনভাবে’ এ কাজ সম্পন্ন করার জন্য ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতকে অভিনন্দন জানিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী।

বিজ্ঞাপন

তবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

সংগঠনটি এর আগে শুধু জানিয়েছিল, গাজা নগরীর একটি ডিস্ট্রিক্টের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় বেশ কিছু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

আবু ওবাইদা হামাসের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। প্রায় দুই দশক ধরে ফিলিস্তিনি গোষ্ঠীর সামরিক শাখা ইজ্জ আল-দিন আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

মুখোশ পরে রেকর্ড করা বক্তব্য প্রচারের জন্য পরিচিত হয়ে ওঠেন উবাইদা। এসব বক্তব্যে তিনি যুদ্ধক্ষেত্রের সবশেষ তথ্য প্রদান করতেন।

গত ২০ বছরে ইসরাইল তাকে হত্যার বেশ কয়েকটি চেষ্টা করেছে। বর্তমান যুদ্ধের সময়ের কমপক্ষে দুইবার তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

২০২৪ সালের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তাকে হামাসের ‘তথ্য যুদ্ধের প্রধান’ হিসেবে অভিহিত করে।

মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, তিনি আল-কাসেম ব্রিগেডের সাইবার প্রভাব বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরাইলি বাহিনী, যা এখনো চলছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন