আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে হামলায় ভূখণ্ড-আকাশসীমা ব্যবহার করতে দেবে না আজারবাইজান

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ইরানে হামলায় ভূখণ্ড-আকাশসীমা ব্যবহার করতে দেবে না আজারবাইজান
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

প্রতিবেশী ইরানের বিরুদ্ধে হামলা চালাতে কখনোই নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছে আজারবাইজান। বৃহস্পতিবার আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ এ কথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলেছেন বায়রামভ ।

ফোনালাপের সময় বায়রামভ বলেন, এই অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি উদ্বেগের কারণ। তিনি জোর দিয়ে বলেন, ইরান ও আশেপাশের অঞ্চলে অস্থিতিশীলতার কারণ হতে পারে এমন সব পদক্ষেপ থেকে সব পক্ষকে বিরত থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আসছে আজারবাইজান ।

বিজ্ঞাপন

তিনি আন্তর্জাতিক আইনের নিয়ম ও নীতিমালা অনুসারে শুধু সংলাপ ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের গুরুত্ব তুলে ধরেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তি করার ‘সময় ফুরিয়ে আসছে।’

ইরান আলোচনার টেবিলে বসে চুক্তি না করলে দেশটিতে পরবর্তী হামলা ‘আরো ভয়াবহ’ হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

ট্রাম্প গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামক বিমান হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সেই হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পরবর্তী হামলা হবে তার চেয়েও ভয়াবহ। আবারও সেই পরিস্থিতি তৈরি করবেন না।’

সূত্র: বার্তা সংস্থা আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...