আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
প্রতীকী ছবি

আফগানিস্তানে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

গতকাল বুধবার দেশটির স্থানীয় সময় রাতে এই ভূমিকম্প অনুভূত হয় বলে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এনসিএস জানায়, ভারতীয় সময় রাত ১১টা ২৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৭৩ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

রেড ক্রসের তথ্য অনুযায়ী, আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প হয়, বিশেষ করে হিন্দু কুশ অঞ্চলে। এই এলাকাটি অত্যন্ত সক্রিয় একটি ভূমিকম্পপ্রবণ জোনের মধ্যে অবস্থিত। মূলত ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষ অঞ্চলের ওপর আফগানিস্তানের অবস্থান হওয়ায় দেশটি ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া হেরাত অঞ্চলসহ দেশটির বেশ কিছু অংশের ওপর দিয়ে একটি বড় ফল্ট লাইন বা চ্যুতিরেখা চলে গেছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী কার্যালয় (ইউএনওসিএইচএ) উল্লেখ করেছে, আফগানিস্তান ভূমিকম্প, ভূমিধস ও ঋতুভিত্তিক বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি দাঁড়িয়ে চরম অরক্ষিত অবস্থায় রয়েছে। বছরের পর বছর ধরে চলা সংঘাত এবং সীমিত উন্নয়নের কারণে স্থানীয় বাসিন্দারা ইতোমধ্যে তীব্র সংকটে রয়েছেন। এর ওপর বারবার এই ধরনের কম্পন তাদের পরিস্থিতিকে আরো নাজুক করে তুলছে এবং একাধিক ধাক্কা সহ্য করার মতো ন্যূনতম সক্ষমতাও তাদের রাখছে না।

সূত্র: এনডিটিভি

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন