ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে বিশ্ববিদ্যালয় ও উচ্চবিদ্যালয় অবরোধের ডাক দিয়েছে শিক্ষার্থী সংগঠনগুলো। শনিবার দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই নতুন করে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থী ও উচ্চবিদ্যালয় শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন এবং শ্রমিক সংগঠনগুলোর জোটের ডাকে সাড়া দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউনিয়ন এতুদিয়াঁতের মুখপাত্র সাবরিনা খারবাখ।
তিনি বলেন, ‘আমরা বৃহস্পতিবার আবারও অবরোধ করব। এরপর ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকদের ডাকা ৫ নভেম্বরের বিক্ষোভে যোগ দেব।’
খারবাখ আরো বলেন, নিজেদের দাবির যৌক্তিকতা তুলে ধরতে এবার আরো বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ প্রত্যাশা করছেন তারা।
ফ্রান্সের জাতীয় শিক্ষার্থী ইউনিয়ন (ইউনেফ)-এর মহাসচিব মানোঁ মোরে বলেন, তরুণদের দাবির বিষয়ে সরকার এখনো কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ বা জবাব দেয়নি।
শনিবারের কর্মসূচিটি গত তিন সপ্তাহের মধ্যে দেশজুড়ে তৃতীয় দফার সামাজিক আন্দোলন। এদিন ফ্রান্সজুড়ে প্রায় ৩৫০টি স্থানে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।
সরকার বিক্ষোভকে উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে। বিশেষ করে প্যারিসের রিং রোড অবরোধ এবং সরকারি ভবনে হামলার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।
এদিকে প্যারিসে বিক্ষোভের নির্ধারিত পথ নিয়ে প্রশাসনিক আদালতের দেওয়া আগের রায় বাতিল করেছে কাউন্সিল অব স্টেট। ফলে বাগনোলে থেকে শারঁতঁ পর্যন্ত নির্ধারিত পথে বিক্ষোভ মিছিল করার অনুমতি বহাল রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


