সৈকতে ছাতা নিতে মানা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সৈকতে ছাতা নিতে মানা
পুন্তা মোলেনতিস সৈকত। ছবি: দ্য গার্ডিয়ান

ইতালির সৈকত নিয়ে দীর্ঘদিনের চলমান বিরোধের অংশ হিসেবে এবার সার্ডিনিয়ার একটি সৈকতে ১০ থেকে ৬৫ বছর বয়সিদের জন্য ছাতা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

সার্ডিনিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত ভিলাসিমিয়াসের পুন্তা মোলেনতিস সৈকতের আদিম পরিবেশ রক্ষার উদ্যোগ হিসেবে স্থানীয় কর্তৃপক্ষ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে, যার মধ্যে ছাতা নিষিদ্ধের এই পদক্ষেপ একটি।

বিজ্ঞাপন

নতুন নিয়ম অনুযায়ী, এই সরকারি সৈকতে প্রবেশ করতে হলে প্রত্যেককে ১০ ইউরো ফি দিতে হবে। এছাড়া কেবল ১০ বছরের কম বয়সি শিশু রয়েছে এমন পরিবার তাও সর্বোচ্চ একটি ছাতা এবং ৬৫ বছরের বেশি বয়সিরাই সেখানে ছাতা খাটাতে পারবেন।

এই সিদ্ধান্তের পর সৈকতে বেড়াতে আসা মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে মানুষ যেমন বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করছেন, তেমনি এর ফলে স্কিন ক্যানসার বা হিটস্ট্রোকের মতো স্বাস্থ্যঝুঁকি তৈরির বিষয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

ভিলাসিমিয়াস কাউন্সিলের ফেসবুক পেজে এই নির্দেশনার নিচে এক মন্তব্যকারী প্রশ্ন তুলেছেন, ‘ছাতা খাটানোর জন্য কি আমাকে এখন একটি শিশু ভাড়া করতে হবে?!’

আরেকজন রসিকতা করে লিখেছেন, ‘তাহলে ছাতা নিয়ে সৈকতে আসতে হলে হয় আমাকে আমার দাদাকে সঙ্গে আনতে হবে, না হয় আজ থেকে আগামীকালের মধ্যে একটি বাচ্চা জন্ম দিতে হবে!’

অনেকেই পুন্তা মোলেনতিস সৈকত বয়কটের ডাক দিয়েছেন, আবার অনেকে বলেছেন তারা রোদ থেকে নিরাপদে থাকার জন্য অন্য কোনো সৈকতে চলে যাবেন।

গত বছরের জুলাইয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুন্তা মোলেনতিস সৈকতটি বন্ধ ছিল, যা সম্প্রতি আবার চালু করা হয়েছে।

ভিলাসিমিয়াস কাউন্সিল তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অগ্নিকাণ্ড এবং ‘ব্যতিক্রমী সামুদ্রিক আবহাওয়া’র কারণে পুন্তা মোলেনতিসের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় তারা এই কঠোর নিয়ম আরোপ করতে বাধ্য হয়েছেন। সৈকতটি একটি নির্দিষ্ট সংরক্ষিত এলাকার মধ্যে অবস্থিত।

কাউন্সিল আরো উল্লেখ করেছে, ‘এ কারণে মানুষের প্রভাব সীমিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ঐতিহ্য রক্ষা করা প্রয়োজন।’

ছাতার পাশাপাশি সেখানে গ্যাজেবো, তাঁবু বা অন্য কোনো ধরনের ছায়া প্রদানকারী সামগ্রী ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিয়ম আগামী অক্টোবর মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে ভেনিসের কাছাকাছি জেসোলো সৈকতে দর্শনার্থীদের মধ্যে পর্যাপ্ত জায়গা তৈরির উদ্দেশ্যে কর্তৃপক্ষ লাউঞ্জার বা আরামদায়ক চেয়ার এবং ছাতা খাটানোর জায়গা ২০ হাজার কমিয়ে দিয়েছে।

ইতালির সরকারি সৈকতগুলোতে প্রায়ই অতিরিক্ত ভিড় দেখা যায়, বিশেষ করে বেসরকারি বিচ ক্লাবগুলো থেকে লাউঞ্জার ভাড়া নেওয়ার খরচ বেড়ে যাওয়ার কারণে মানুষ সরকারি সৈকতে বেশি ভিড় করেন।

ইতালির বৃহত্তম ভোক্তা অধিকার সংস্থা 'আলত্রোকনসুমো'র সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বেসরকারি সৈকতগুলোতে দুটি লাউঞ্জার ও একটি ছাতা ভাড়ার গড় খরচ গত পাঁচ বছরে ২৪ শতাংশ এবং কেবল গত এক বছরেই ৬ শতাংশ বেড়েছে। এর ফলে অনেক ইতালীয় এখন বিচ ক্লাবগুলো এড়িয়ে চলছেন এবং সাম্প্রতিক বছরগুলোতে উন্মুক্ত ও বিনা মূল্যে ব্যবহারযোগ্য সৈকতের দাবিতে বিক্ষোভ জোরদার হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন