লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা
ছবি: আমার দেশ

অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। এর ফলে লালমনিরহাট নদীতীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সংশ্লিষ্ট ব্যারাজের সবকটি জলকপাট খুলে রেখেছে। সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কৃষক কফিল উদ্দিন বলেন, ‘তিস্তার পানি এই বাড়ছে এই কমছে, ফলে যে কোনো সময় চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকে চলাচলের রাস্তাঘাটসহ মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়তে পাড়ে বলে জানান তিনি।

এদিকে নদীতীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষ বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছে। কারণ, কখন ভারত গজলডোবা ব্যারেজ খুলে দিয়ে বাংলাদেশে পানি ছেড়ে দেয়—এই চিন্তায় লালমনিরহাট ও তার আশপাশের তিস্তা নদীসংলগ্ন জেলাগুলোর মানুষ চরম উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। কারণ বৃষ্টির পানিতে বন্যা দেখা দেয় না, বন্যা দেখা দেয় ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে।

বিজ্ঞাপন

এদিকে তিস্তার পানি বাড়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নদীতীরবর্তী ছয়টি ইউনিয়নের ৮-১০টি চর, পাটগ্রাম উপজেলা দহগ্রাম, আদিতমারী উপজেলা চর গোবর্ধন, মহিষখোঁচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও গোকুণ্ডা ইউনিয়নের চর এবং নিম্নাঞ্চলের যে কোনো সময় পানি ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিস্তার ডালিয়া পয়েন্টে পানির লেভেল পরিমাপক নুরুল ইসলাম বলেন, সকাল থেকে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে । পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে পানি বাড়ছে। তবে এখনো পানি বিপৎসীমার নিচে রয়েছে।

তিস্তা ব্যারাজ-সংলগ্ন এলাকার অধিবাসী মোফাজ্জল হোসেন বলেন, বন্যা এলেই আমাদের চোখে ঘুম থাকে না, সব সময় আতঙ্কে দিনাতিপাত করতে হয়। কারণ কখন যে ভারত ডোবা ব্যারাজের গেট খুলে দেয়, সেই চিন্তায় অনেক সময় নির্ঘুম রাত কাটাতে হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোট এলেই আমাদের কদর বেড়ে যায় আর ভোট শেষ হয়ে গেলে আমাদের সুখ-দুঃখের খবর কেউ রাখে না।

দীর্ঘদিন যাবৎ শুনে আসছি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা, এখন পর্যন্ত প্রকল্পের দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষ করা যাচ্ছে না! ফলে আমরা তিস্তাপাড়ের মানুষ চরম উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনাতিপাত করছি। যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তিনি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন