প্রায় তিন দশক পর দিল্লি মসনদে বিজেপি

প্রায় তিন দশক পর দিল্লি মসনদে বিজেপি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২৭ বছর পর দেশটির রাজধানী দিল্লিতে সরকার গঠন করতে যাচ্ছে। শনিবার দিল্লির বিধানসভার নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিজেপি এগিয়ে রয়েছে।

দেশটির নির্বাচন কমিশন ছয় ঘণ্টার গণনায় দেখা গেছে, ৭০ আসনের দিল্লি বিধানসভার ৮৫ শতাংশ ভোট গণনায় ৪৮টি আসন নিশ্চিত হয়েছে বিজেপির। দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য যেকোনো রাজনৈতিক দলের বা জোটের ৩৬ আসনের প্রয়োজন।

বিজ্ঞাপন

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির নির্বাচনে বিজেপির বিশাল জয়ে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তিনি বিজেপির এই জয়কে ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন।

দুই যুগের বেশি সময় পর প্রথমবারের মতো দিল্লি বিধানসভায় জয় পেয়েছে কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে হটিয়ে বিজেপির এই ফেরায় দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। ভোট গণনা শেষ না হলেও ইতোমধ্যে বিজেপির জয় নিশ্চিত হওয়ায় দলটির সদরদপ্তরে জড়ো হয়ে উল্লাসে মেতে উঠেছেন নেতাকর্মীরা।

ভারতের নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত প্রাথমিক ফল অনুযায়ী, আম আদমি পার্টি (এএপি) ২২টি আসনে জয় পেয়েছে। আর দেশটির বিরোধীদল কংগ্রেস এই নির্বাচনে কোনো আসনেই জয় পায়নি।

এর আগে, ২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৬২ আসনে জয় পেয়ে সরকার গঠন করে। তার আগে ২০১৫ সালে দিল্লির বিধানসভা নির্বাচনেও ৬৭ আসনে জয় পেয়েছিল কেজরিওয়ালের এ দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন