ফ্রান্সে মদের ওপর কড়াকড়ি, কিন্তু কেন ?

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ফ্রান্সে মদের ওপর কড়াকড়ি, কিন্তু কেন ?
প্রতীকী ছবি

ইউরোপের বড় একটি অংশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহের কারণে ফ্রান্সে আংশিক মদপান নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া জার্মানি জুড়ে সতর্কতা জারি এবং স্পেনে ফুটবল ভক্তদের জন্য তৈরি একটি ফ্যান জোন বন্ধ করে দেওয়া হয়েছে। মহাদেশটিতে তাপমাত্রা এখন রেকর্ড উচ্চতার দিকে যাচ্ছে।

ফ্রান্সের ৯৬টি বিভাগের মধ্যে ৩৫টিতে রোববার রেড অ্যালার্ট বা সর্বোচ্চ তাপমাত্রার সতর্কতা জারির পূর্বাভাস দেওয়া হয়েছিল। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে শুরু করে প্যারিস ও বারগুন্ডিতে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসও স্পর্শ করতে পারে।

বিজ্ঞাপন

একটি জরুরি বৈঠকের পর ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়েন লেকোর্নু সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রোববার এই ৩৫টি অঞ্চলে বার্ষিক ‘ফেত দে লা মিউজিক’ উৎসব এবং অন্যান্য পাবলিক বা উন্মুক্ত অনুষ্ঠানে মদপানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে প্যারিস কর্তৃপক্ষ পার্কগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে।

জার্মানির অধিকাংশ এলাকায় তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে এবং সেখানে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে।

দেশটির আবহাওয়া সংস্থা ডিডব্লিউডি সতর্ক করেছে যে অতিরিক্ত গরম ও আর্দ্রতার কারণে সেখানে তীব্র বজ্রঝড় হতে পারে।

এদিকে আল্পস পর্বতমালার ওপারে ইতালির কিছু শহরে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এই তীব্র গরম স্থানীয়দের দৈনন্দিন জীবন ও পর্যটনকে বদলে দিচ্ছে। রোমের তীব্র গরমে দর্শনার্থীদের জন্য দর্শনীয় স্থান ঘুরে দেখা এক ধরনের ধৈর্যের পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। ঐতিহাসিক কলোসিয়ামের বাইরে জ্বলন্ত সূর্যের নিচে দর্শনার্থীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকেই একটু স্বস্তির খোঁজে ক্লডিয়াসের মন্দিরের নিচে ঢাকা থাকা অপেক্ষাকৃত ঠান্ডা ভূগর্ভস্থ জায়গায় আশ্রয় নিচ্ছেন। ইতালির অন্যতম উত্তপ্ত উত্তরের শহর বোলোনিয়ায় মানুষ ষোড়শ শতকের ‘ফাউন্টেন অব নেপচুন’-এর পানিতে মুখ ধুচ্ছেন এবং বিভিন্ন বারান্দা বা খিলানের ছায়ায় আশ্রয় নিচ্ছেন।

অন্যদিকে স্পেনে তীব্র গরমের কারণে ফুটবল ফেডারেশন মাদ্রিদের ‘প্লাজা দে কোলন’ স্কয়ারে বিশালাকার স্ক্রিনসহ তৈরি করা ফ্যান জোনটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ফুটবল ভক্তদের সৌদি আরবের বিরুদ্ধে স্পেনের বিশ্বকাপ ম্যাচটি অন্য কোথাও দেখতে হবে। তবে এই দল দুটি নিজেরা আটলান্টার একটি শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে খেলবে, যা আংশিকভাবে সৌর প্যানেল দিয়ে পরিচালিত।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপজুড়ে দাবদাহ আরো ঘন ঘন এবং তীব্র হচ্ছে। এর ফলে গ্রীষ্মের মাসগুলোতে স্বাস্থ্যঝুঁকি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে। চরম গরমের অর্থনৈতিক ক্ষতিও এখন সবার নজর কাড়ছে।

ব্যাংক অব ফ্রান্সের গভর্নর ইমানুয়েল মুলিন বলেছেন, প্রবৃদ্ধি বা অর্থনৈতিক উন্নয়নের ওপর এর স্বল্পমেয়াদি প্রভাব কিছুটা অস্পষ্ট। কারণ একদিকে যেমন উৎপাদনশীলতা কমছে, অন্যদিকে জ্বালানির ব্যবহার বাড়ছে।

তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে মধ্যমেয়াদে এই দাবদাহ অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

সূত্র: রয়টার্স

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...