পশ্চিম তীরে জমি নিবন্ধন প্রক্রিয়া আবার চালুর সিদ্ধান্ত অনুমোদন করেছে ইসরাইল সরকার। এ পদক্ষেপকে আরব দেশগুলো ও সমালোচকেরা ‘বৃহৎ ভূমি দখল’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই উদ্যোগের উদ্দেশ্য হলো স্বচ্ছ ও পূর্ণাঙ্গভাবে জমির মালিকানা নির্ধারণ করে আইনি বিরোধ নিষ্পত্তি করা। তাদের দাবি, প্যালেস্টাইন অথরিটি নিয়ন্ত্রিত এলাকায় বেআইনি জমি নিবন্ধনের প্রেক্ষাপটে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে মিশর, কাতার ও জর্ডান এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সমালোচনা করেছে। মিশর একে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি নিয়ন্ত্রণ সুসংহত করার বিপজ্জনক পদক্ষেপ বলে উল্লেখ করেছে। কাতারের মতে, পশ্চিম তীরের জমিকে তথাকথিত ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে ঘোষণার উদ্যোগ ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ন করবে।
প্যালেস্টাইন অথরিটি আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেছে, এটি কার্যত সংযুক্তিকরণের সূচনা এবং সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্রের ভিত্তি দুর্বল করার পদক্ষেপ।
ইসরাইলি বসতি সম্প্রসারণবিরোধী সংগঠন পিস নাও রোববারের সিদ্ধান্তকে ‘মেগা ল্যান্ড গ্র্যাব’ হিসেবে বর্ণনা করেছে।
সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, ১৯৬৭ সালের যুদ্ধের পর এই প্রথম পশ্চিম তীরে জমি নিবন্ধন পুনরায় শুরু হতে যাচ্ছে। ওই যুদ্ধে ইসরাইল অঞ্চলটি দখল করে।
ইসরাইলি গণমাধ্যমের তথ্যমতে, নিবন্ধন কার্যক্রম কেবল ‘এরিয়া সি’ অঞ্চলে চালু হবে, যা পশ্চিম তীরের প্রায় ৬০ শতাংশ এবং ইসরাইলের নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে।
পশ্চিম তীরকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের ভিত্তি হিসেবে দেখে থাকেন ফিলিস্তিনিরা। তবে ইসরাইলের ধর্মীয় ডানপন্থী গোষ্ঠীগুলো অঞ্চলটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আগ্রহী।
গত সপ্তাহে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ১৯৯০-এর দশকের অসলো চুক্তি-র আওতায় প্যালেস্টাইন অথরিটি নিয়ন্ত্রিত এলাকায় নিয়ন্ত্রণ জোরদারের কয়েকটি পদক্ষেপ অনুমোদন করে। এর মধ্যে ইহুদি ইসরাইলিদের সরাসরি পশ্চিম তীরের জমি কেনার অনুমতি এবং ফিলিস্তিনি নিয়ন্ত্রিত কিছু ধর্মীয় স্থানে ইসরায়েলি প্রশাসনিক তত্ত্বাবধান অন্তর্ভুক্ত রয়েছে।
পূর্ব জেরুজালেম বাদ দিলে পশ্চিম তীরের বসতি ও আউটপোস্টগুলোতে পাঁচ লাখের বেশি ইসরাইলি বসবাস করছেন, যা আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত। একই এলাকায় প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করছেন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

