বাহরাইনের প্রধান ‘প্রধান এআই সেন্টার’ ও যুক্তরাষ্ট্রের ড্রোন ভেসেল ডিপো ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাতে মার্কিন সামরিক বাহিনী ইরানের বেশ কয়েকটি সেতুতে হামলা চালিয়ে বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে, যা যুদ্ধাপরাধের শামিল।
আইআরজিসি জানায়, হরাইনে মার্কিন ড্রোন ভেসেলের একটি ডিপো ‘ধ্বংস করেছে’ এবং এর ‘অনেকগুলো পুড়ে ছাই হয়ে গেছে’। এ ছাড়া বাহরাইনের ‘প্রধান এআই সেন্টার’ সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়া হয়েছে। মার্কিন বাহিনী এই এআই সেন্টারটিকে ইরানে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে ব্যবহার করত বলে অভিযোগ করেছে আইআরজিসি।
বিবৃতি অনুযায়ী, এই স্থাপনাগুলোতে ‘বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন’ দিয়ে হামলা চালানো হয়েছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের সেতু ও পরিবহন অবকাঠামোতে হামলা অব্যাহত রাখে, তবে ওই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন দেশগুলোতে অবস্থিত ‘মার্কিন শেয়ারহোল্ডারদের মালিকানাধীন গুরুত্বপূর্ণ শিল্প, তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত সম্পদগুলোতে’ হামলা চালানো হবে।
আইআরজিসি আরও দাবি করেছে, ‘মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, তারা সবাই এসব যুদ্ধাপরাধের অংশীদার।’
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


